জিয়ার আত্মহত্যা এবং সুরাজের ২৩ দিন
জেলখানায় কাটানো ২৩ দিন এবং জিয়া খানের আত্মহত্যা নিয়ে কথা বলেছেন সুরাজ পাঞ্চোলি।
বলিউডি অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার পর সবার সন্দেহের তীর উঠেছিল তার দিকে। ফিল্মি ক্যারিয়ার শুরুর আগেই এই ঘটনাকে কেন্দ্র করে তাকে জেলখানায় কাটাতে হয়েছে ২৩ দিন, যার অভিজ্ঞতা কোনো সিনেমার চেয়ে কম নয়। অবশেষে সাবেক প্রেমিকার আত্মহত্যা এবং জেলখানার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুরাজ পাঞ্চোলি। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এসেছে জিয়া খানের সঙ্গে সুরাজের সম্পর্ক, টানাপেড়েনসহ আরও অনেক কিছু।
“আমি এখনও জিয়াকে ভালোবাসি। আমার হৃদয়ের গভীরে জিয়া সবসময়ই থাকবে; আর তাই সারাজীবনই যদি জিয়ার নামের সঙ্গে আমাকে যুক্ত করা হয়, আমার কোনো সমস্যা নেই।”
মৃত্যুর পরও জিয়াকে নিয়ে তার আবেগ এতটুকুও কমেনি বলেই জানান সুরাজ।
“আমি এখনও জিয়াকে মিস করি। আমার ঘরের প্রতিটি জিনিসের মাঝেই মিশে আছে ওর স্মৃতি। ওকে আমার জীবন থেকে কখনও আমি মুছে ফেলতে পারব না। ও অসাধারণ একজন মানুষ ছিল; ভেতর এবং বাইরে থেকে তো বটেই। জীবন থেকে আরও ভালো কিছু পাওয়ার জন্য ওর উচিত ছিল আরও অপেক্ষা করা। এভাবে আমাকে ফেলে রেখে বিদায় নেওয়া ওর উচিত হয়নি।”
ভালোবাসা যদি এতটাই হবে, তাহলে বিচ্ছেদের পথে কেন হেঁটেছিলেন সুরাজ? বিচ্ছেদ থেকে হতাশা- আর সেই হতাশার কারণেই জিয়ার আত্মহত্যা-- বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন সুরাজ?
সুরাজের ভাষ্য অনুযায়ী, জিয়ার হতাশাগ্রস্ত জীবন এবং কান্নাকাটি দেখতে দেখতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার মনে হয়েছিল, কোনোভাবেই হয়তো আর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না।
“আমি একপর্যায়ে ওকে বলতে বাধ্য হই, এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে পারছি না আমি। ওর মৃত্যুর ২০ দিন আগ থেকে ওর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছিলাম। যেদিন ও আত্মহত্যা করল, দিনটি ছিল সোমবার। এর আগে শনিবারে ও আমাকে ফোনে বলেছিল, ও হায়াদ্রাবাদে যাচ্ছে একটা সিনেমার কাজ হাতে পাওয়ার জন্য। ও তখন আমাকে বলেছিল, ‘আমি রোববারে তোমার সঙ্গে দেখা করতে চাই।’ আমি বলেছিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমি নতুন করে এই বিচ্ছেদের কষ্টের মধ্য দিয়ে যেতে চাই না। আর তাই ওই রোববারই ছিল আমাদের শেষ দেখা। আমি সোমবার সকালে ওকে ‘অল দ্য বেস্ট’ লিখে একটি ফুলের তোড়া পাঠিয়েছিলাম। ওইদিন সন্ধ্যায় ও আবার আমাকে কল করেছিল; আরও একবার দেখা করার অনুরোধ জানিয়ে। আমি বলেছিলাম, সম্ভব না। পরে ওকে একটা মেসেজ পাঠিয়েছিলাম, ‘নাফিসা (জিয়া খানের আসল নাম), এ রকম করো না।’ তারপর থেকে আমার ফোন বন্ধ ছিল। সেটাই ছিল আমাদের শেষ কথা। এর দুঘণ্টা পর আমি জানতে পারি, ও আত্মহত্যা করেছে।”
এতকিছুর পরও জিয়ার সঙ্গে তার সম্পর্কটাকে কীভাবে ব্যাখ্যা করেন সুরাজ? এই প্রেমকাহিনির শুরু কোথায়?
উত্তরে সুরাজ বলেন, “ফেইসবুকের মাধ্যমে আমার সঙ্গে জিয়ার পরিচয় হয়েছিল ১০ মাস আগে। ও খুবই ভালো একজন মেয়ে ছিল, খুব অল্পতেই খুশি থাকত। কিন্তু আমার ব্যাপারে ও খুবই পজেটিভ ছিল, এমনকি আমার পুরুষ বন্ধুদের নিয়েও। শুরুতে আমরা কয়েকবার ডিনারে যাই। এরপর একদিন জিয়া আমাকে মোবাইলে মেসেজ দিয়ে বলল, সে তার হাতের কবজি কেটে ফেলেছে। আমি তখন বাড়িতে ছিলাম না; তাই আমি আমার স্টাফকে পাঠালাম রাত সাড়ে এগারোটার দিকে। পরে আমি তার বাড়িতে গিয়ে চিকিৎসকের কাছে জানতে পারলাম, ও ওর হাতের রগ প্রায় তিন ইঞ্চির মতো কেটে ফেলেছিল। কয়েকদিন পর আমি জিয়ার মায়ের নাম্বার নিয়ে লন্ডনে তাকে ফোন করলাম; তাকে বললাম, জিয়া খুবই হতাশার মধ্যে দিন কাটাচ্ছে এবং এই মুহূর্তে পরিবারের সমর্থন ওর খুবই প্রয়োজন। জিয়ার মা আমাকে আশ্বাস দিলেন যে, তিনি দুমাসের মধ্যে ভারতে আসবেন। মাঝের সময়টুকুতে আমাকে জিয়ার পাশে থাকতে বললেন। কিন্তু তিনি ভারতে এলেন চারমাস পরে। আর এই চারমাসে আমি জিয়ার প্রেমে পড়ে গেলাম।
এই সময়টাতে জিয়া আমাকে তার সবকিছু বলত। ও আমাকে জানাত, কাজ না পেয়ে কতটা হতাশার মধ্যে দিন কাটছে ওর। পরিবারের সঙ্গেও ওর সম্পর্ক ভালো ছিল না। ও আমাকে এটাও বলেছিল যে তার আগের প্রেমিকরা ওর উপর অত্যাচার করত। জিয়া আমাকে আরও জানায়, ১৪ বছর বয়সে লন্ডনে এক বয়স্ক লোক তাকে ধর্ষণ করেছিল। সব মিলিয়ে খুবই হতাশ ছিল ও। প্রতিরাতে ও কাঁদত; মাঝে মাঝে আমার বাড়িতে রাতে চলে আসত। আমার বাবা (অভিনেতা আদিত্য পাঞ্চোলি) প্রথমে বিষয়টি পছন্দ না করলেও পরে আমি তাকে জিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেই; তখন তিনিও জিয়াকে পছন্দ করতে শুরু করেন। এতকিছুর পরও জিয়া আমাকে একদম বিশ্বাস করতে পারত না। তখন আমি সকাল-বিকাল অভিনয়ের ক্লাসে যেতাম। জিয়া বিশ্বাস করতে চাইত না আমি ক্লাসে যাচ্ছি। এমনকি তার সন্দেহ দূর করার জন্য আমি আমার শি¶কের সঙ্গে তাকে কথাও বলিয়ে দিয়েছিলাম। পরে এমন একটা সময় এল, জিয়া আমার সঙ্গে ক্লাস করতে যেত। একবার আমরা দুজন গোয়াতে গিয়েছিলাম, আমাদের দুজনের জন্মদিন উদযাপন করার জন্য। তখন জিয়া এতটাই হতাশ হয়ে পড়েছিল যে কাউন্সেলরের সাহায্য নিয়ে হয়েছে। এমনকি এর আগেও অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছিল ও।”
জীবনের প্রতি হতাশা, বিচ্ছেদের বেদনা এসব কিছু থেকেই অবশেষে আত্মহত্যার মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন জিয়া-সুরাজের ব্যাখ্যা এ রকমই। তবে জিয়াকে গর্ভবতী করার বিষয়ে যে অভিযোগ উঠেছে, সেটির বিষয়ে কিছু জানেন না বলেই দাবি করেছেন বলিউডি অভিনয় শিল্পী দম্পতি আদিত্য পাঞ্চোলি এবং জরিনা ওয়াহাবের একমাত্র পুত্র সুরাজ।
সুরাজের দাবি, মৃত্যুর সময় জিয়া গর্ভবতী থাকলেও সন্তানটি তার কি না, তিনি জানেন না। কারণ জিয়া কখনও নাকি এ বিষয়ে তাকে কিছুই বলেননি।
৩ জুন জিয়ার আত্মহত্যার পর প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন সুরাজ। পরে চারদিনের জন্য সান্তাক্রুজ কারাগার এবং আরও পরে আর্থার রোড কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে।
সুরাজের ভাষ্যমতে, সান্তাক্রুজ কারাগারের ওই চারদিন ছিল তার জীবনের ভয়াবহতম সময়। ওই দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে সুরাজ বলেন, “ঐ চারদিন আমি দাঁত ব্রাশ করার সুযোগও পাইনি। আমাকে একটি বালিশ দেওয়া হয়নি। ওখানে শুধুমাত্র একটি ফ্যান ছিল আর মশার কামড়ের জন্য আমি আরেক কয়েদির কাছ থেকে ধার করে ওষুধ লাগিয়েছি। ওই কক্ষে আমার সঙ্গে এমন একজনকে রাখা হয়েছিল, যে ২০ বছর বয়সেই দুজন নারীকে ধর্ষণের দায়ে জেল খাটছে। ঘরের প্রতিটি কোণ ছিল মলমূত্র এবং বমিতে সয়লাব। দেয়াল ভর্তি ছিল পানের পিক আর তামাকের দাগে। আমাকে ধরে নিয়ে যাওয়ার দিনই আমার সবগুলো ফোন, আইপ্যাড আর ল্যাপটপ জব্দ করেছিল পুলিশ, যেগুলো আমি এখনও ফেরত পাইনি। এতকিছুর পরও সবচেয়ে হতাশাজনক ছিল এর মধ্যে একটি বারের মতোও আমাকে আমার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে না দেওয়ার বিষয়টি।”
অবশেষে চারদিন পর আদালতে যাওয়ার সময় মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পান সুরাজ। কিন্তু মায়ের কাছ থেকে একটু পানি খেয়েই চলে যেতে হয়েছিল তাকে, কথা বলার সুযোগ হয়নি। এরপর সুরাজকে নিয়ে যাওয়া হয় ‘আর্থার রোড’ জেলে। বলা হয় ভারতের সবচেয়ে নোংরা কারাগার হল ‘আর্থার রোড’ জেল।
‘আর্থার রোড’ কারাগারে সুরাজকে রাখা হয় বিশেষ একটি সেলে, যাকে ভারতীয়রা বলে ‘আন্ডা সেল’। সুরাজের বিবরণ অনুযায়ী, ভারতের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আটকে রাখার জন্য পরিচিত ওই কারাগারেই একসময় ছিলেন কুখ্যাত জঙ্গী সন্ত্রাসী কাসাব। অন্য কয়েদির সঙ্গে থাকার সুযোগ সত্তে¡ও ওই সময় সুরাজকে আলাদা রাখা হয়েছিল; কারণ ঐ কারাগারে নিয়মিত কয়েদিদের মধ্যে খুনখারাপি চলতে থাকে।
তবে সুরাজ জানান, জেলখানায় কাটানো দিনগুলো তার জন্য যতটা না কষ্টের ছিল, তার চেয়েও বেশি কষ্টের ছিল এই বিষয়টি যে তার প্রেমিকা জিয়া মারা গেছেন। সুরাজ বলেন, “আমার মনে কোনো ভয় ছিল না কারণ আমি জানতাম আমি এমন কিছুই করিনি। কিন্তু আমি শোকে নিথর হয়ে গিয়েছিলাম কারণ আমার ভালোবাসার মানুষটি এখন আর বেঁচে নেই। আমি আমার বাবা-মায়ের সামনে কাঁদিনি; কিন্তু বাড়ি ফিরে আমি একা একা অনেক কেঁদেছি।”
“জেলে ভয়ঙ্কর সব অপরাধীর সঙ্গে থাকা, প্রচণ্ড নোংরা পরিবেশে দিন কাটানো, জঘন্য স্বাদের খাবার খেতে বাধ্য হওয়া, যা করিনি-- তার কারণেই বারবার কঠিন থেকে কঠিনতম জেরার মধ্য দিয়ে যাওয়া-- এসবের কিছুই আসলে একজনের জীবন চলে যাওয়া থেকে বড় না। বিশেষ করে ভালোবাসার মানুষটি যখন আপনার জীবন থেকে এভাবে চলে যায়, সেটা মেনে নিতে না পারার কষ্ট ভাষায় প্রকাশের মতো না। তারপরও আমি নিজেকে সামলে নিয়েছি, এখন আমার জীবনের একমাত্র লক্ষ্যই হল আমার পরিবারকে কষ্ট না দেওয়া, এমন কিছু না করা যার জন্য আমার বাবা-মায়ের সম্মান নষ্ট হয়। আমার ভেতরে যতটুকু ক্রোধ ছিল, এই ২৩ দিনের অভিজ্ঞতা ধুয়ে মুছে দিয়েছে তার সবটুকু। এখন আমি আমার পরিবারকে নিয়েই বাঁচতে চাই।” কারাবাসের ২৩ দিনের অভিজ্ঞতাকে এভাবেই দেখেন সুরাজ।
তার বিরূদ্ধে আনা অভিযোগের কোনোটাই প্রমাণিত না হওয়ায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরেছেন সুরাজ। জানা গেছে, বলিউডি অভিনেতা সালমান খান প্রযোজিত পরবর্তী সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।
সব মিলিয়ে জিয়া খানের মৃত্যু এবং পরবর্তীতে নানা ধরনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে যেতে হলেও, অতীতকে পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত তিনি। তবে সময়ই বলে দেবে, বলিউডে নিজের জায়গা করে নেওয়া এবং অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে ভবিষ্যতে আসলেই কতটুকু সমর্থ হবেন সুরাজ।
