মুখোমুখি আলী যাকের ও ইরেশ
আলী যাকের এবং তার ছেলে ইরেশ যাকের এবার মুখোমুখি হয়েছেন নাটক ‘শেষ দেউটি’তে।
আলী যাকের এবং তার ছেলে ইরেশ যাকের এবার মুখোমুখি হয়েছেন নাটক ‘শেষ দেউটি’তে। ঈদের জন্য তৈরি করা নাটকটিতে তারা দুজনেই চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন। বাবা-ছেলের ভিন্ন মানসিকতার চিত্রায়ন হয়েছে এই নাটকে। মোরশেদ চৌধুরী রচিত নাটকটি পরিচালনা করছেন কমল চাকমা।
এতে আরও অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আবিদ রেহান, সামিমা তুষ্টি, ফেরদৌস আরা বন্যা, আনোয়ার শাহী, আফরোজা প্রমুখ।
কমল চাকমা জানিয়েছেন, প্রবীণ ডাক্তার সাইদুর রহমান ও তার ছেলের পেশা এক হলেও রোগীদের সেবা দেওয়ার বিষয়ে দুজনের দুই মত। বাবা সেবা দেওয়াকে মনে করেন পরম ধর্ম। অন্যদিকে ছেলে চিকিৎসাকে শুধু পেশা বলে মনে করেন।
কমল বলেন, “আমি সময়ের একটা ছবি আঁকার চেষ্টা করেছি। দৃশ্য আর সংলাপের সমন্বয়ে চিকিৎসা সেবার ভিতর-বাহির দেখার চেষ্টা ছিল আমার। বাবা-ছেলেকে নিয়ে কাজটি করে বাড়তি সুবিধাও পেয়েছি। এখন দর্শকদের ভালো লাগলে সবার পরিশ্রম স্বার্থক হবে।”
জিটিভি প্রযোজিত নাটকটি প্রচারিত হবে ঈদ আয়োজনের তৃতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে।
