সম্মানিত এলটন জন
‘ব্রিটস আইকন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হলেন স্যার এলটন জন।
ইংল্যান্ডের সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করার কারণে প্রথমবারের মতো ‘ব্রিটস আইকন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন স্যার এলটন জন। খবর কন্টাক্টমিউজিকের।
এমনিতে ব্রিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এলটন জনকে এ বছরের সেপ্টেম্বর মাসে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারটি প্রদান করা হবে।
এ বিষয়ে এলটন বলেন, “আমার কাজকে এভাবে সম্মানিত করার বিষয়টি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং সম্মানজনক। আর এই বিশেষ অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।”
এর আগে শারীরিক অসুস্থতার কারণে জুলাই মাসের সকল ট্যুর এবং কনসার্ট বাতিল করেছিলেন এলটন। তবে এলটন আশা করছেন সেপ্টেম্বর থেকে আবারও কাজ শুরু করতে পারবেন তিনি।
