শিল্পকলায় কমেডি সিনেমা
বিশ্বের সেরা ১০ কমেডি সিনেমা দেখানোর আয়োজন করেছে শিল্পকলা একাডেমী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১০ দিনব্যাপী বিশ্ব চলচ্চিত্রের সেরা ১০ কমেডি সিনেমা নিয়ে উৎসবের আয়োজন করেছে। ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় এই শো দেখানো হবে শিল্পকলার নতুন ভবনের ছয় তলার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ সেন্টারে।
এ বিষয়ে শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন জানিয়েছেন, এই আয়োজনে বিশ্বের চলচ্চিত্র থেকে বাছাই করা সেরা কমেডি সিনেমাগুলো দেখানো হবে। এই তালিকায় থাকছে ডাম্ব এন্ড ডাম্বার, পিংক প্যান্থার-টু, কিং অব কমেডি, দ্য অ্যাপার্টমেন্ট, দ্য হ্যাংওভার পার্ট-থ্রি, হট ফাজ, ওয়াইল্ড হগস, লিটল মিস সানসাইন, ডক্টর স্ট্রেঞ্জলাভ, এয়ারপ্লেন।
তিনি আরও জানিয়েছেন, সিনেমাগুলো ২২ জুলাই থেকে পর্যায়ক্রমে দেখানো হবে। এ জন্য কোনো প্রবেশমূল্য নেওয়া হচ্ছে না।
সালাহ উদ্দিন বলেন, “এখানে পরিবেশ খুবই চমৎকার। আমরা দর্শকদের নিয়মিত এ ধরনের সিনেমা দেখাতে চাই। এ জন্যই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র বিভাগ এই উদ্যোগ নিয়েছে।”
