এলোমেলো শব্দের জলসিঁড়ি
এলোমেলো শব্দের জলসিঁড়ি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তিশা।
সাগর জাহানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘এলোমেলো শব্দের জলসিঁড়ি’ নাটকে অভিনয় করেছেন মোশারফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।
নাটকের কাহিনি বিষয়ে নির্মাতা সাগর গ্লিটজকে জানান, নাটকটিতে তিশা অভিনীত চরিত্রের নাম প্রকৃতি, মোশারফ অভিনীত চরিত্রের নাম রেহান। প্রকৃতি একজন টিভি অনুষ্ঠান উপস্থাপক। রেহান তার প্রচণ্ড ভক্ত। বিষয়টা রেহানের ঘনিষ্ঠরা সবাই জানে। যখনই প্রকৃতির উপস্থাপনায় কোনো অনুষ্ঠান প্রচার হয় রেহান সবাইকে দেখতে বলেন তার অনুষ্ঠান। এই ভক্তি দেখে রেহানের মা তাকে উৎসাহ দেয় প্রকৃতির সঙ্গে দেখা করার। রেহান দেখা করতে যায়। অনেক বাধা পেরিয়ে প্রকৃতির দেখাও পায় রেহান। কিন্তু পর্দা ও কল্পনার প্রকৃতির সঙ্গে বাস্তবের কোনো মিল না পেয়ে হতাশ হয় রেহান। প্রকৃতি চলাফেরা করেন ক্রাচে ভর করে। ওইদিন রেহান ফিরে আসে তার প্রিয় উপস্থাপকের সঙ্গে কোনো কথা না বলেই। কিছুদিন কাটল এভাবে। বেশ কিছুদিন পর রেহান ক্রাচে ভর দিয়ে এগিয়ে আসে প্রকৃতির দিকে। কী হল রেহানের? এভাবে এগিয়ে যায় গল্প।
আরটিভির জনসংযোগ কর্মকর্তা অরণ্য পাশা গ্লিটজকে জানান, নাটকটি আরটিভিতে প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ২০ মিনিটে।
