২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে সুপারম্যান-ব্যাটম্যান

‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়ালে একসঙ্গে দেখা যাবে সুপারম্যান এবং ব্যাটম্যানকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 03:02 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়ালে এবার একসঙ্গে দেখা যাবে সুপারম্যান এবং ব্যাটম্যানকে। হলিউডের নির্মাতা প্রতিষ্ঠান ওয়ারনার ব্রাদার্স একথা ঘোষণা করেছে।  খবর কন্টাক্টমিউজিকের।

আমেরিকার স্যান ডিয়েগোতে সম্প্রতি অনুষ্ঠিত ‘কমিক কন’ অনুষ্ঠানে ‘ম্যান অফ স্টিল’ সিনেমাটির পরিচালক জ্যাক স্নাইডার জানিয়েছেন, ২০১৫ সালে আসছে ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়াল। সিকুয়ালটিতে সুপারম্যান হিসেবে থাকবেন হেনরি কেভিল,কিন্তু ব্যাটম্যানের ভূমিকায় কে থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। 

জ্যাক বলেন, “আরও একবার হেনরি কেভিলের সঙ্গে আমাদের তৈরি করা সেই জগত নিয়ে কাজ করতে যাচ্ছি আমি। আমি আর অপেক্ষা করতে পারছি না, কবে ডিসি ইউনিভার্সের আরও একটি অধ্যায় শুরু করব। এটা আমাদের স্বীকার করতেই হবে যে সুপারম্যান এবং ব্যাটম্যানকে একসঙ্গে দেখার ব্যাপারটা রূপকথাকেও হার মানায়। কারণ তারা দুজনই হলেন পৃথিবীর সেরা দুই সুপারহিরো।”

সিনেমাটির কাজ শুরু হবে ২০১৪ সালে এবং সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালে।

সিনেমাটি প্রযোজনা করবেন চার্লস রোভেন এবং ডেবোরাহ স্নাইডার। সেইসঙ্গে ‘ব্যাটম্যান’ সিরিজের পরিচালক ক্রিস্টোফার নোলান থাকবেন সহকারী প্রযোজকের ভূমিকায়। আরও থাকবেন এমা থমাস, বেঞ্জামিন মেল-কার এবং মাইকেল ই আসলান।