২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাস্টিনের বিরুদ্ধে মামলা

মুখে থুতু দেওয়ায় জাস্টিন বিবারের বিরুদ্ধে মামলা করেছেন ডিজে অ্যাডিসন উলাক।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 05:35 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

মুখে থুতু দেওয়ায় পপতারকা জাস্টিন বিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগের পর এবার মামলা করেছেন ডি জে অ্যাডিসন উলাক। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

হাফিংটন পোস্টের বরাতে মাধ্যমটি জানিয়েছে, উলাক দাবি করেছেন, ওই ঘটনায় তার চোখে, মুখে এবং নাকে জাস্টিনের থুতু লাগে। তাই তাকে হেপাটাইটিসের পরীক্ষাও করাতে হয়েছিল।

বিবার ১৬ জুলাই কলম্বাসের একটি বারে থাকার সময় ওই অঘটন ঘটে।

উলাক বলেন, “আমি ছবি তুলছিলাম, বিবার মনে করেন আমি তার ছবি তুলেছি। তখন বিবারের দুজন দেহরক্ষী এসে আমাকে টেনে নিয়ে যায়। বিবার আমার সামনে দাঁড়িয়ে উগ্রভাবে কিছু কথা বলেন। তারপর আমার মুখে থুতু ছুড়ে সেখান থেকে চলে যান। আমি ওই ঘটনায় খুবই অবাক হয়েছিলাম।”

যদিও উলাকের সব অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করেছেন বিবারের মুখপাত্র। তিনি বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা এবং এমন কিছুই ঘটেনি। সে বিবারের বদনাম করার জন্যই এমনটা করেছে।”