অভিষেক-ঐশ্বরিয়া
চলচ্চিত্রে আবার জুটি বাঁধতে যাচ্ছেন বাস্তবজীবনের স্বামী-স্ত্রী অভিষেক-ঐশ্বরিয়া। মেয়ে আরাধিয়ার জন্মের পর অনেকদিন রূপালি পর্দা থেকে দূরে থাকা বলিউডি অভিনেত্রী ঐশ্বরিয়া রাই স্বামী ও অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে ১৯৮৩ সালের হিট সিনেমা ‘মাসুম’-এর রিমেকে জুটি বাঁধবেন। খবর এনডিটিভির।
শেখর কাপুর পরিচালিত ‘মাসুম’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন মিউজিক কম্পোজার এবং প্রযোজক হিমেশ রেশমিয়া। তিনিই নিশ্চিত করেছেন শাবানা আজমি এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত চরিত্র দুটিতে অভিনয় করবেন অ্যাশ এবং অভিষেক।
অভিষেক এবং অ্যাশ জুটি হিসেবে সর্বশেষ অভিনয় করেন ‘রাভান’ সিনেমায়। তবে ‘মাসুম’ রিমেকের পাশাপাশি আগামীতে রাজকুমার সান্তোষি পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টালম্যান’ সিনেমায় এবং অমিতাভ বচ্চন এবং জয়া অভিনীত ‘অভিমান’ সিনেমায় জুটি বাঁধবেন ওই দম্পতি।
