২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন স্মরণে নানা আয়োজন

হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:15 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টিভি চ্যানেলগুলো ১৯ জুলাই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

মাছরাঙা টেলিভিশন এইদিন সকাল ৯টায় প্রচার করবে হুমায়ূন আহমেদের নাটক-সিনেমার গান এবং গানের অন্তরালের কথা নিয়ে অনুষ্ঠান ‘হুমায়ূননামা’। এতে অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী এবং সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। অভিনেত্রী তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার ‘মিসির আলীর সঙ্গে একদিন’। রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘স্মরণে আসে তোমায়’। এতে হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করবেন তার অধিকাংশ বইয়ের প্রকাশক মাজহারুল ইসলাম ও শাকুর মজিদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

এই দিন এটিএন বাংলায় প্রচারিত হবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের গান নিয়ে অনুষ্ঠান ‘চাঁদনী পসর’। এতে  থাকবে গানের শিল্পীর সঙ্গে গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সুবীর নন্দী, সেলিম চৌধুরী ও বারী সিদ্দিকী। সেলিম দৌলা খানের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে দুপুর ১২টা ৫ মিনিটে।

বৈশাখী টেলিভিশনের স্টুডিও লাইভ কনসার্ট ‘সময় কাটুক গানে গানে’-তে হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ও নাটকের গান গাইবেন সুবীর নন্দী। ইসলাম শফিকের প্রযোজনায় সময় কাটুক গানে গানের উপস্থাপনায় থাকবেন ফারহানা নিশো। এটি প্রচারিত হবে রাত ১১টা থেকে।

আরটিভেতে দুপুর ১২টা ১০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘নন্দিত নরকে’।