আবার ড্যান ব্রাউন-টম হ্যাঙ্কস
ড্যান ব্রাউনের উপন্যাস ইনফারনো অবলম্বনে নির্মিতব্য নতুন সিনেমায় অভিনয় করবেন টম হ্যাঙ্কস।
ড্যান ব্রাউনের নতুন উপন্যাস ‘ইনফারনো’ অবলম্বনে নির্মিতব্য নতুন সিনেমায় অভিনয় করবেন টম হ্যাঙ্কস।
এর মাধ্যমে রবার্ট ল্যাংডনের ভূমিকায় আরও একবার দেখা যাবে হলিউডি অভিনেতা টম হ্যাঙ্কসকে। রহস্য-থ্রিলার ধাঁচের এই উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক রন হাওয়ার্ড। খবর কন্টাক্টমিউজিকের।
ড্যান ব্রাউনের উপন্যাসটির মূলকাহিনি গড়ে উঠেছে দান্তের লেখা ইনফারনোকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র আগের মতোই সংকেত বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডন।
ইনফারনো সিনেমাটির মাধ্যমে তৃতীয়বারের মতো টম হ্যাঙ্কস এবং পরিচালক রন হাওয়ার্ড একসঙ্গে কাজ করবেন। এর আগে তারা ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য ভিঞ্চি কোড’ সিনেমায় কাজ করেছিলেন ২০০৬ সালে। আর ২০০৯ সালে তারা একসঙ্গে কাজ করেন ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘এঞ্জেলস অ্যান্ড ডেমনস’ সিনেমাতে।
তাদের সঙ্গে যোগ দেবেন চিত্রনাট্যকার ডেভিড কোয়েপ, যিনি এর আগের দুটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন।
ডেডলাইন ডট কম জানিয়েছে, ইনফারনো হবে রবার্ট ল্যাংডনকে নিয়ে লেখা ড্যান ব্রাউনের চতুর্থ উপন্যাস।
ইনফেরনো সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ডিসেম্বরে।
