আলিয়ার আগ্রহ
‘লুটেরা’ সিনেমা দেখার পর এ ধরনের সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন আলিয়া ভাট।
‘লুটেরা’ সিনেমা দেখার পর এ ধরনের যুগভিত্তিক সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন নবাগতা বলিউডি অভিনেত্রী আলিয়া ভাট। শুধু গল্প নয়, সিনেমাটিতে অভিনয় শিল্পীদের ভিন্ন সাজসজ্জাও তাকে আকৃষ্ট করেছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
হারপার বাজার ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্প্রতি আলিয়া বলেন, “আমার ক্যারিয়ারে একবার হলেও যুগভিত্তিক সিনেমায় কাজ করতে চাই আমি। কারণ ওই ধরনের সিনেমার শুধু যে কাহিনিতে ভিন্নতা থাকে তা নয়, সিনেমাতে ভিন্নধারার ফ্যাশনও চোখে পড়ার মতো।”
আলিয়া আরও বলেন, “আমার মনে হয়, এটি সত্যিই সুন্দর এবং অসাধারণ অভিজ্ঞতা। তাই শুধু চরিত্রের জন্য নয় এর সঙ্গে যুক্ত ফ্যাশনের কথা ভেবেই আমি যুগভিত্তিক সিনেমাতে কাজ করতে চাই।”
১৯৫০ সালের প্রেক্ষাপটে নির্মিত সোনাক্ষি সিনহা এবং রণবীর সিং অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লুটেরা’ সিনেমাটি সম্পর্কে আলিয়া বলেন, “সিনেমাটি আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।”
