মনরোর অপ্রকাশিত ছবির নেগেটিভ
নিলামে উঠবে মেরিলিন মনরোর অপ্রকাশিত ছবির নেগেটিভ।
নিলামে উঠছে হলিউডের প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরোর হাজারখানেক অপ্রকাশিত ছবির নেগেটিভ। খবর কন্টাক্টমিউজিকের।
সেলিব্রিটি আলোকচিত্রি মিল্টন এইচ গ্রিনের ক্যামেরায় তোলা মনরোর প্রায় ৩ হাজার ৭০০ ছবির নেগেটিভ এবার সর্বস্বত্বসহ নিলামে উঠবে। ছবিগুলোর ক্রেতারা চাইলে ছবি প্রিন্ট করতে পারবেন এবং লাইসেন্স করিয়ে নিতে পারবেন।
২৭ জুলাই অনুষ্ঠিতব্য এই নিলামে প্রায় ৩ লাখ ডলার আয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
মিল্টন এইচ গ্রিনের তোলা বিভিন্ন তারকার প্রায় ৭৫ হাজার ছবি রয়েছে, যার বেশিরভাগই তোলা হয়েছিল ১৯৫০ থেকে ৬০ সালের মধ্যে। এর মধ্যে রয়েছে তৎকালীন অভিনেত্রী ফে ডানওয়ের শতাধিক ছবি, আরও আছে অভিনেতা কেরি গ্রান্ট এবং অভিনেত্রী ডরিস ডের বেশ কিছু ছবি।
ছবিগুলোর বেশিরভাগের দাম ধরা হয়েছে ১ হাজার ডলার থেকে ১৫ হাজার ডলারের মধ্যে।
