সত্যজিতকে চিঠি লিখেছিলেন বিদ্যা
সত্যজিত রায়ের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে তাকে চিঠি লিখেছিলেন বিদ্যা বালান।
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়কে একবার চিঠি লিখেছিলেন বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান। সেখানে সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
চলতি মাসের ১৩ তারিখ বেঙ্গল চেম্বার অফ কমার্স আয়োজিত একটি অনুষ্ঠানে কলকাতার সুরকার অঞ্জন দত্তের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ওই চিঠির বিষয়ে বলেন বিদ্যা। চিঠির বিষয়ে তিনি বলেন, “তিনি (সত্যজিত রায়) ওই সময় কিছুটা অসুস্থ ছিলেন। আমি চিঠিতে তার সুস্থতা কামনা করি। আর জানাই, আমি তার কোনো একটি সিনেমাতে অভিনয় করতে চাই।”
বিদ্যা জানান, স্কুলে পড়ার সময় থেকেই নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন তিনি। বিদ্যা বলেন, “স্কুলে পড়ার সময় থেকেই অভিনেত্রী হতে চাইতাম আমি। মাধুরী দিক্ষিতের ‘এক দো তিন’ গান এবং শাবানা আজমির ‘আর্থ’ সিনেমা আমাকে অনুপ্রাণিত করত।”
বিদ্যা আরও বলেন, “ভারতের বেশিরভাগ মেয়েই মাধুরীর মতো হতে চায়, আমিও চাইতাম। শাবানাও আমার অন্যতম অনুপ্রেরণা।”
