গল্পের দেশে বুলু ও জিনিয়া
শিশুদের জন্য ঈদে পাপেট শো।
শিশুদের জন্য ৫ পর্বের ধারাবাহিক পাপেট শো ‘গল্পের দেশে বুলু ও জিনিয়া’ নির্মাণ করছে বৈশাখী টিভি। এর চিত্রনাট্য ও প্রযোজনা করছেন লিটু সোলায়মান।
এ বিষয়ে নির্মাতা লিটু জানান, ২০১২ সালের দুই ঈদে ট্রি-লজি ধাঁচের এই পাপেট শোর ‘রংধনু ফুল’ ও ‘ছুটির আনন্দ’ নামে মোট ৮ পর্ব প্রচার করা হয়। আগের মতো এবারেও বৈশাখী টিভির প্রযোজনায় পাপেট শোটির শেষ কিস্তি হিসেবে ৫ পর্বের অনুষ্ঠান নির্মাণ করা হচ্ছে।
নির্মাতা আরও জানান, প্রতি কিস্তির জন্য আলাদা আলাদা লোকগল্প বা চরিত্র বেছে নেওয়া হয়েছে। গল্প বা চরিত্রের ছায়া অবলম্বনে নতুন একটা গল্প লেখা হত। এবার নেওয়া হয়েছে গ্রিম ভাইদের সংগৃহীত লোককাহিনি ‘হ্যানসেল অ্যান্ড গ্রেটেল’।
নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি চরিত্র। এর মধ্যে রয়েছে মুসা, মুহিত, পলাশ, জাদুর বুড়ি, পেঁচা দাদু, শিক্ষক, মা ও মিনি বিড়াল। এছাড়া রয়েছে আগের গল্পের চরিত্র জিনিয়া ও বুলু।
নির্মাতা বলেন, “রংধনু ফুল নাটিকার পর বুলু ও জিনিয়া চরিত্র দুটি গল্পের ধারাবাহিকতা রক্ষা করে ‘ছুটির আনন্দ’ গল্পে ঘুরে বেড়িয়েছে। ‘ছুটির আনন্দ’ গল্পের শেষে দেখা যায় জিনিয়া খুশিমনে আনন্দ নিয়ে স্কুলে যাচ্ছে। কারণ এখন তার পড়ালেখা করতে, ক্লাস করতে খুব ভালো লাগে। স্কুলে বাংলা ক্লাসে শিক্ষক বাচ্চাদের নৈতিক মনোবিকাশের উদ্দেশে গল্প শোনায়। কল্পনাপ্রবণ জিনিয়া সেই গল্পের চরিত্রে নিজেকে কল্পনা করে মিশে যায় গল্পের অন্যান্য চরিত্রের সঙ্গে। এ সময় জিনিয়ার সহযোগী হয় বুলু।”
নির্মাতা লিটু বলেন, “শিক্ষামূলক সংলাপ ও ফ্যান্টাসি ধরনের গল্পের মাধ্যমে বাচ্চাদের মনোবিকাশ ও নান্দনিক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এই পাপেট শোর মূল উদ্দেশ্য।”
‘গল্পের দেশে জিনিয়া ও বুলু’ নাটিকায় পাপেটিয়ার হিসেবে কাজ করছেন শারমীন সঙ্গীতা খানম, শুভংকর দাস শুভ, লিটু সোলায়মান, সেলিম ইউসুফ সোহাগ, সুদীপ দাস দীপ, সুমাইয়া শরীফ, সায়েম জয় প্রমুখ।
ঈদের অনুষ্ঠান হিসেবে বৈশাখীটিভির প্রযোজনায় পাপেট শোটির চিত্রনাট্য, পরিচালনা করছেন লিটু সোলায়মান। প্রকল্প পরিচালনা করছেন শুভংকর দাস শুভ। শুভ্র বাড়ৈয়ের শিল্প নির্দেশনায় চিত্রগ্রহণ করছেন আসাদ আলী এবং সংগীত পরিচালনা করছেন অসীম কুমার নট্ট।
