২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইলি-মজনু হলেন মিলন-নাদিয়া

ধারাবাহিকে লাইলি-মজনুর ভূমিকায় মিলন-নাদিয়া

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:07 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

এ যুগের লাইলি মজনুর চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া আহমেদ। কৌশিক শংকর দাস পরিচালিত ধারাবাহিক নাটক ‘নীল রঙের গল্প’র চরিত্র দুটিতে এরই মধ্যে তারা শুটিংয়েও অংশ নিয়েছেন। এনটিভির জন্য নির্মিত নীল রঙের গল্প ধারাবাহিকটি রচনা করেছেন জাকারিয়া শৌখিন।

এর গল্প এগিয়েছে শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস-পার্বতী এবং পারস্যের কবি নিজামি গাজনাভির লাইলি-মজনুর চরিত্র নিয়ে।

কৌশিক এ বিষয়ে গ্লিটজকে বলেন, “চরিত্রগুলো বর্তমান প্রেক্ষাপটে আধুনিক ঢংয়ে একটি গল্পে এসে একত্র হয়েছে।”

লাইলি-মজনু সম্পর্কে কৌশিক বলেন, “কালজয়ী এই প্রেমকাহিনি ঠিক রেখে বর্তমান সময়কে তুলে আনার চেষ্টা করেছি। এখানে মিলন একজন ব্যবসায়ী। অন্যদিকে লাইলির চরিত্র রূপদানকারী নাদিয়া রক্ষণশীল ধনী পরিবারের মেয়ে। মিলনের দোকানে কেনাকাটা করতে গিয়ে পরিচয় হয় তাদের। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় কন্যার বাবা।”

কৌশিক শংকর দাশ আরও বলেন, “এটাই আমার প্রথম ধারাবাহিক নাটক। আর প্রথম ধারাবাহিক নির্মাণের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। কারণ, আমি নতুন ধরনের ভাবনা খুঁজছিলাম। এই ভাবনা একেবারেই নতুন। দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন দর্শকের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।”

বর্তমানে ‘নীল রঙের গল্প’ ধারাবাহিকের শুটিং চলছে। এর আগে শুটিংয়ে অংশ নিয়েছেন রোমিও-জুলিয়েট চরিত্রের অভিনয়শিল্পী নিলয়-জেনি। লাইলি-মজনু চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া। তারা গত সপ্তাহে শুটিং করেছেন। দেবদাস-পার্বতী জুটিকে নিয়ে শিগগির শুটিং করবেন বলে জানিয়েছেন কৌশিক শংকর দাস।