চিত্রনায়িকার ভূমিকায় দিলরুবা
টেলিফিল্মে চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ফ্যাশন ডিজাইনার দিলরুবা
ফ্যাশন ডিজাইনার দিলরুবা হানিফ ঈদের জন্য নির্মিতব্য টেলিফিল্ম ‘অনেক শিখা পুড়ে এমন প্রদীপ জ্বলে’তে অভিনয় করছেন। এতে তাকে চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে। টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন মীর সাব্বির, লিটু আনাম, ফারজানা ছবি, আব্দুল আজিজ, টেলি সামাদ, সিদ্দিকুর রহমান প্রমুখ। টেলিফিল্মটি রচনা করেছেন ফিরোজ শাহী ও পরিচালনা করছেন মোক্তাদির ইবনে সালাম।
এ বিষয়ে দিলরুবা বলেন, “অনেক আগে আমি অভিনয় করতাম। এখন ফ্যাশন ডিজাইনিংয়ে পুরো সময় পার করছি। তবে মাঝে মাঝে শখের বসে অভিনয় করতে ইচ্ছে হয়। অনেকে আবার অভিনয় করার জন্য অনুরোধও করেন।”
তিনি টেলিফিল্মটি সম্পর্কে বলেন, “এখানে আমি একজন জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছি। নাচ-গানের দৃশ্যেও অংশ নিয়েছি। কক্সবাজারে বেড়াতে যাওয়া বিভিন্ন মানুষের আলাদা আলাদা মজার গল্প এতে দেখা যাবে। আশা করছি, টেলিফিল্মটি সবার পছন্দ হবে।”
দিলরুবা চলচ্চিত্রাভিনেত্রী পূর্ণিমার বড়বোন। তিনি এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ ধারাবাহিকে একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছিলেন।
ঈদের দিন এটিএনবাংলায় বিকেল ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
