২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের মৃত্যুতে শোকাহত বলিউড

সিনিয়র অভিনেতা প্রাণের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন বলিউডি তারকারা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 11:42 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

বলিউডি সিনিয়র অভিনেতা প্রাণের মৃত্যুতে শোকাহত বলিউড। ১২ জুলাই তারিখ লীলাবতী হাসপাতালে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে বলিউডি তারকারা টুইটারে শোক প্রকাশ করেছেন। খবর জি মিডিয়া ব্যুরোর।

অমিতাভ বচ্চন টুইট করেন, “প্রাণ সাহেব চলে গেলেন, তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ এবং ভালো সহকর্মী। তার প্রতিটি কাজেই নিয়মানুবর্তিতা দেখা যেত। বলিউডি চলচ্চিত্রজগতের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। বলিউডের প্রসিদ্ধ প্রাসাদ একটু একটু করে ক্ষয় হচ্ছে তাদের মতো শক্তিশালী ব্যক্তিত্বরা চলে যাওয়ার ফলে।”

পরিচালক কারান জোহর পোস্ট করেন, “অসাধারণ একটি সময়ের ইতি ঘটল। প্রাণ ছিলেন একজন মহাতারকা।”

অভিনেত্রী শ্রীদেবীর টুইট, “একজন কিংবদন্তি অভিনেতাকে হারালাম আমরা। প্রাণ ছিলেন বলিউডের রত্ন। আমরা সবসময় তার অভাব অনুভব করব।”

অনুপম খের-এর টুইট, “ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতার জীবনের ইতি ঘটল। একজন অভিনেতা এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি।”

অর্জুন রামপাল লেখেন, “প্রাণ সাহেব, আপনি অমর কয়েকটি চরিত্র তৈরি করেছিলেন। আপনি সবসময় আমার মনে বাস করবেন।”

মনোজ বাজপাই পোস্ট করেন, “আশা করি প্রাণ সাহেবের আত্মা শান্তিতে ঘুমাবে। চলচ্চিত্রজগতে তিনি তার জায়গা থেকে রাজত্ব করেছিলেন।”

চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকার বলেন, “প্রাণ সাহেবের মৃত্যু ঠিক মেনে নিতে পারছি না। ‘উপকার’ সিনেমার ‘চাচা’, ‘জাঞ্জির’ সিনেমার ‘শেরখান’ এই চরিত্রগুলো ভুলবার নয়। ভারতীয় চলচ্চিত্রে খলচরিত্রকে নতুন একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।”