নভেম্বরে গাগার ‘আর্টপপ’
লেডি গাগার নতুন অ্যালবাম ‘আর্টপপ’ মুক্তি পাবে নভেম্বরে।
পপতারকা লেডি গাগার নতুন অ্যালবাম ‘আর্টপপ’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১১ নভেম্বর। একই সময়ে নতুন ধরনের একটি মোবাইল অ্যাপও বাজারে ছাড়বেন তিনি। খবর ব্যাং শোবিজের।
গাগার নিজস্ব টেকনোলজি ব্রাঞ্চ ‘টেকহাউস’ থেকে ছাড়া হবে ওই অ্যাপ। এর মাধ্যমে গান শোনার এক নতুন ধরনের অভিজ্ঞতা নাকি পাবেন শ্রোতারা- সম্প্রতি এমন দাবি করা হয়েছে ২৭ বছর বয়সী ওই পপ তারকার ফেইসবুক পেইজ থেকে।
“এই অ্যাপ এর মাধ্যমে সাংস্কৃতিক আইকন গাগাকে দেখতে পাবেন। এটির ব্যাবহারকারীরা নিজেদের প্রজেক্টগুলোও সবার সামনে শেয়ার করতে পারবেন। আর্টপপ নিয়ে নিজেদের মন্তব্যও একে অন্যের সঙ্গে চ্যাটের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এভাবেই ভার্চুয়ালজগতে একটি ‘বিগ ব্যাং’-এর মাধ্যমে নভেম্বরে প্রকাশ হচ্ছে ‘আর্টপপ’।” ফেইসবুকে গাগার পেইজে এভাবেই অ্যালবাম এবং অ্যাপটি সম্পর্কে জানানো হয় ভক্তদের।
এর আগে ৯ আগস্ট নতুন আরেকটি সিঙ্গেলও বাজারে ছাড়বেন গাগা। এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া ওই সিঙ্গেলের মাধ্যমে ২০১২-এর ‘বর্ন দিস ওয়ে’-এরপর আবারও শ্রোতাদের সামনে হাজির হবেন তিনি।
