‘পড়শী থ্রি’র সংগীতে দেব সেন
পড়শীর গানের সংগীত পরিচালনা করছেন কলকাতার দেব সেন।
পড়শীর তৃতীয় একক অ্যালবাম ‘পড়শী-থ্রি’-তে দেশীয় সংগীত পরিচালকদের পাশাপাশি কাজ করছেন কলকাতার তিনজন সংগীত পরিচালক। তাদের একজন দেব সেন। অন্যরা হলেন অম্লান চক্রবর্তী-পুপুন জুটি।
‘ফুলকলি’, ‘গ্রিন সিগন্যাল’, ‘মে আওয়ারা’ ‘দিওয়ানা’ কলকাতার প্রভৃতি জনপ্রিয় গানের সংগীত পরিচালক দেব সেন। অন্যদিকে নতুন সংগীত পরিচালক হিসেবে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে অম্লান-পুপুন জুটি। দেব সেন পড়শীর জন্য তৈরি করেছেন রিদমিক ধাঁচের একটি দ্বৈত গান। এটির গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। গানটিতে পড়শীর সঙ্গে কণ্ঠ দেবেন একজন ভারতীয় শিল্পী।
অন্যদিকে অম্লান-পুপুন জুটির করা গানটি হবে একক। এটির গীতিকার রবিউল ইসলাম জীবন। চলতি সপ্তাহেই গান দুটির রেকর্ডিং হবে।
এ প্রসঙ্গে পড়শী বলেন, “অ্যালবামে বৈচিত্র্য আনতেই আমরা কলকাতার সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি গানগুলো সবাই পছন্দ করবেন।”
এর আগে পড়শীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয় ২০১০ সালের রোজার ঈদে। এরপর ২০১২ সালে ভালোবাসা দিবসে বাজারে আসে ‘পড়শী-টু’। এবার ঈদে ‘পড়শী-থ্রি’ প্রকাশ করছে জি সিরিজ।
