অভিনয়ে মেহরাব
টেলিফিল্মে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী মেহরাব।
সংগীতশিল্পীর চরিত্রে টেলিফিল্মে অভিনয় করলেন কণ্ঠশিল্পী মেহরাব। পার্থ সরকার পরিচালিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘স্বপ্ন স্বপ্ন খেলা’য় অভিনয় করেছেন তিনি। টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন দাউদ হোসাইন রনি। প্রযোজনা করেছে সিনেমাস্কোপ।
এ বিষয়ে নির্মাতা পার্থ গ্লিটজকে বলেন, “টেলিফিল্মে মেহরাবের সহশিল্পী তিশা। মেহরাব সংগীতশিল্পী হিসেবেই অভিনয় করেছেন। প্রথম কাজ হিসেবে অনেক ভালো কাজ করেছেন। অভিনয়টাকে মজা হিসেবে নিয়েছেন। নিয়মিত কাজ করলে অনেক ভালো করতে পারবেন।”
প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে মেহরাব বলেন, “প্রথমে খুবই ভয় পেয়েছিলাম। শুটিংয়ের আগের রাতে ঘুমাতে পারিনি। সারারাত ছটফট করেছি। কিন্তু শুটিং করতে গিয়ে দেখলাম বেশ মজা। পরিচালক পার্থ সরকার আমাকে দিয়ে অভিনয় করিয়ে নিয়েছেন। কীভাবে কী করেছি, তা ঠিক বলতে পারব না। একটা ঘোরের মধ্যে ছিলাম।”
তিনি আরও বলেন, “তিশা আমার সহশিল্পী শুনে আরও বেশি ভয় পেয়েছিলাম। অভিজ্ঞ একজন অভিনেত্রী তিনি। ভাবলাম আমার মতো নতুনকে তিনি কীভাবে নেন। কিন্তু তিশা প্রচণ্ড সহযোগিতা করেছেন। আমি রীতিমতো মুগ্ধ।”
নির্মাতা সূত্রে জানা গেছে, টেলিফিল্মটি ঈদে এসএটিভিতে প্রচারিত হবে।
