এলটনের ক্ষতিপূরণ
এলটন জন ট্যুর বাতিল করায় ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে আয়োজকদের।
কণ্ঠশিল্পী স্যার এলটন জন তার গ্রীষ্মকালীন ট্যুর বাতিল করায় ক্ষতিপূরণ গুনতে হবে ট্যুর আয়োজকদের। এই ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ১ কোটি ডলার। খবর জানিয়েছে কন্টাক্টমিউজিক।
সম্প্রতি এপেন্ডিসাইটিসের কারণে গ্রীষ্মকালীন ইউরোপ ট্যুর বাতিল করেন এলটন জন। কিন্তু ট্যুরের জন্য টিকেট ইতিমধ্যেই বিক্রি হয়ে যাওয়ার কারণে ক্ষতিপূরণ দিতে হবে আয়োজকদের।
ডেইলি মিরর পত্রিকা একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এমন অবস্থায় শিল্পীরা বিশেষ কোনো ব্যবস্থা করেন যেন আয়োজকদের সমস্যা না হয়। এলটন জন বিষয়টি নিশ্চিত করেছেন যেন তাদের টিকেটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় অথবা আরেকটি কনসার্টের আয়োজন করা হয়।
৬৬ বছর বয়সী এই গায়ক কয়েকটি কনসার্টের জন্য তার শিডিউল বদলেছেন, কিন্তু বাকিগুলোর টিকেটের অর্থ সবাইকে ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।
লন্ডনে ‘ব্রিটিশ সামার টাইম হাইড পার্ক ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে ১২ জুলাইয়ের কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এলটন জনের। কিন্তু পরবর্তীতে তিনি এটি বাতিল করেন।
এলটন জন অনুষ্ঠানটিতে অংশ নিতে না পারলেও বর্তমানে শিল্পী রে ডেভিস অনুষ্ঠানটিতে অংশ নেবেন বলে জানা গেছে।
এদিকে শারীরিক অসুস্থতার কারণে বাড়িতে ওষুধ গ্রহণ করছেন এল্টন জন। কয়েক সপ্তাহের মধ্যে তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
