২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামার আহমাদকে ইডফার অনুদান

কামার আহমাদ সাইমন তার দ্বিতীয় চলচ্চিত্র ‘আগামী’র জন্য ইডফার অনুদান পেয়েছেন।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 10:00 AM

Updated : 25 Apr 2022, 06:58 PM

নির্মাতা কামার আহমাদ সাইমন দ্বিতীয় বারের মতো বিশ্বের অন্যতম প্রামাণ্য উৎসব ‘ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডাম’ (ইডফা) থেকে প্রোডাকশন ও পোস্টপ্রোডাকশন বিভাগে অনুদান পাচ্ছেন। তার ‘আগামী’ (ডে আফটার টুমরো) চলচ্চিত্রটির জন্য এই অনুদান পাচ্ছেন তিনি।

৪ জুলাই ফেস্টিভ্যাল কমিটি এবারের অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে। ইডফার ওয়েব সাইটে জানানো হয়েছে, বিশ্বের ৪০টির বেশি দেশ থেকে জমা পড়া ৩৩০ পাণ্ডুলিপি থেকে বাছাই করে মাত্র ১৩টি ছবিকে অনুদান দেওয়া হচ্ছে। এর বাছাই কমিটি ছয়টি প্রকল্পকে স্ক্রিপ্ট ও প্রকল্প উন্নয়নের জন্য এবং সাতটি সিনেমার প্রোডাকশন ও পোস্টপ্রোডাকশনের জন্য অনুদান দিচ্ছে।

এ বিষয়ে কামার আহমাদ গ্লিটজকে বলেন, “এর আগে ‘শুনতে কি পাও’ ছবির জন্যও একই উৎসবে অনুদান পেয়েছিলাম আমি। এবারে আমার আগামী সিনেমাটিকেও নির্বাচন করা হয়েছে। আমি চুপচাপ কাজ করে যাই। সেটা কারও কারও হয়তো ভালো লাগে। তাদেরও হয়তো ভালো লেগেছে, এ কারণেই দ্বিতীয়বারের মতো এই অনুদান পেলাম। ইডফার মতো সম্মানজনক একটি আন্তর্জাতিক উৎসব থেকে পরপর দুবার সিনেমার জন্য অনুদান পুরস্কার পাওয়া সত্যিই খুব আনন্দের, এটা সচরাচর ঘটে না।”

 তিনি এই সিনেমাটি সম্পর্কে বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর নতুন সিনেমা ‘আগামী’র কাজ শুরু করার ইচ্ছা আছে। ‘শুনতে কি পাও’-এর মতোই এর মুখ্য বিষয়ও সাধারণ মানুষের জীবন। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না।”