ব্র্যাডের জন্য কষ্ট
ব্র্যাড পিটের কথা ভেবে কষ্ট পান ম্যাট ডেমন।
হলিউডি অভিনেতা ম্যাট ডেমন বলেছেন, তিনি তার বন্ধু ব্র্যাড পিটের কথা ভেবে কষ্ট পান। তিনি মনে করেন সারাক্ষণ মিডিয়ার অতিআগ্রহের কারণে ব্র্যাড ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারেন না। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ব্র্যাড পিটের বন্ধু ম্যাট জানান তিনি তার নিজের সন্তানদের মিডিয়ার জমকালো দুনিয়া থেকে দূরে রেখে লালনপালন করতে পারলেও ব্র্যাড পিট এবং তার পরিবারের কথা ভেবে কষ্ট হয় তার। ম্যাট আরও জানান, তিনি অনেক আনন্দিত কারণ এই ঝামেলা পোহাতে হয়নি তাকে।
ফিমেলফার্স্ট-এর খবর অনুযায়ী সম্প্রতি ‘এস্কোয়ার’ ম্যাগাজিনকে ম্যাট বলেন, “যদি নিজের তারকাখ্যাতিকে নিয়ন্ত্রণে রাখা যায় তবে সেটি ভালো। আমি ব্র্যাডকে দেখেছি সবসময়। যখন আমি তার সঙ্গে থাকি দেখি খ্যাতির বিড়ম্বনা কাকে বলে।”
তিনি আরও বলেন, “ব্র্যাডকে বলেছিলাম, আমি সন্তানদের নিজে স্কুলে দিয়ে আসি। ব্র্যাড আমার কথা শুনে খুব হতাশ হয়েছিলেন। কারণ তিনি চাইলেও এই কাজটি করতে পারেন না।”
ম্যাট জানান, নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন। কারণ তিনি হলিউডের কোনো অভিনেত্রীকে বিয়ে করেননি। তিনি বলেন, “আমি ভাগ্যবান কারণ আমি একজন সাধারণ মানুষকে ভালোবেসেছি। যিনি কোনো অভিনেত্রী নন। তাহলে সাংবাদিকদের আগ্রহ দ্বিগুণ হয়ে যেত। আর সবাই আমার শোবার ঘরে হাজির হতে চাইত।”
চার সন্তানের জনক ম্যাট ডেমনের স্ত্রী লুসিয়ানা বারোসো বিয়ের আগে একজন বারটেন্ডার ছিলেন।
