আঘাতের জন্য অস্ত্রোপচার
‘ব্যাং ব্যাং’ সিনেমার একটি দৃশ্যের অনুশীলন করার সময় মাথায় আঘাত পাওয়ার কারণেই অস্ত্রোপচার করাতে হয়েছে হৃত্বিক রোশানকে।
সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার করিয়েছেন বলিউডি অভিনেতা হৃত্বিক রোশান। তার বাবা বলিউডি পরিচালক রাকেশ রোশান জানান, ফুকেটে ‘ব্যাং ব্যাং’ সিনেমার একটি দৃশ্যের অনুশীলনের সময় মাথায় আঘাত পান হৃত্বিক, আর সে কারণেই অস্ত্রপচারের প্রয়োজন পড়ে তার। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে সফলভাবে অস্ত্রপচারটি সম্পন্ন হয় চলতি মাসের ৭ তারিখে। ওই সময় রাকেশ রোশান সাংবাদিকদের জানান, ব্যাংককের ফুকেটে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং করছিলেন হৃত্বিক। সেখানে ৩০ ফুট উঁচু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার একটি দৃশ্যে অভিনয় করতে হয় তাকে। দৃশ্যটির অনুশীলনের সময় অনবধানবশত মাথায় কিছুটা আঘাত পান তিনি।
তিনি আরও জানান, এরপর থেকেই মাথাব্যথায় ভুগছিলেন হৃত্বিক। তবে বিষয়টিকে অত পাত্তা না দিয়ে ব্যথানাশক ওষুধ খেয়েই শুটিং চালিয়ে যান। কারণ ‘কাহো না পেয়ার হ্যায়’ সিনেমার সময়ও এমনটি হয়েছিল।
আটদিন পর শুটিং শেষে মুম্বাই ফিরে আসেন হৃত্বিক। কিন্তু তখনও ব্যথা থাকায় ডাক্তারের কাছে যান তিনি। এরপর তাকে মেডিটেশন করতে বলা হয়। তখন ব্যথাটা কমলেও আবারও তা বাড়তে থাকে। ৫ তারিখে সিনেমার পরবর্তী শুটিংয়ের জন্য চেক রিপাবলিকের প্রাগে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে দেন তিনি।
৬ জুলাই আবারও পরীক্ষা করা হলে দেখা যায় তার মস্তিষ্কে কিছুটা রক্ত জমাট বেঁধে গেছে। আর এরপরই ৭ জুলাই অস্ত্রোপচার করা হয়। তার অস্ত্রোপচারের কারণে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং কিছুটা পিছিয়ে গেছে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
