সালমানের ছত্রছায়ায় সুরাজ
সুরাজ পাঞ্চোলিকে চলচ্চিত্রজগতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সালমান খান।
জিয়া খানের আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সুরাজ পাঞ্চোলিকে বলিউডে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সালমান খান। কিছুদিন আগেই অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার মামলায় আটকের পর সুরাজ পাঞ্চোলি মুক্তি পেয়েছেন পুলিশের হেফাজত থেকে। খবর জি মিডিয়া ব্যুরোর।
৩ জুন বলিউডি অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করলে তাকে প্ররোচিত করার অভিযোগে অভিযুক্ত হন প্রেমিক সুরাজ। তিনি বলিউডি অভিনেতা আদিত্য পাঞ্চোলি এবং জেরিনা ওয়াহাবের ছেলে। ২১ দিন রিমান্ডে থাকার পর কিছুদিন আগে মুক্তি পান তিনি।
মাধ্যমটি জানিয়েছে ৫ জুলাই সুরাজ তার বাবাকে নিয়ে হায়দ্রাবাদ যান সালমানের সঙ্গে দেখা করতে। সালমান ১৯৮৩ সালে সুভাস ঘাই পরিচালিত ব্লকবাস্টার হিট সিনেমা ‘হিরো’-র রিমেক প্রযোজনা করবেন। আর সেখানেই কাস্ট করবেন সুরাজকে ।
মূল সিনেমায় চরিত্রটিতে অভিনয় করেছিলেন জ্যাকি স্রফ। সিনেমাটির শুটিং ২০১৪ সালে শুরু হওয়ার কথা থাকলেও সালমান চলতি বছরের নভেম্বরেই শুটিং শুরুর তাগাদা দিচ্ছেন।
ডিএনএ-এর সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, ২০১৪-এর জানুয়ারিতে ‘হিরো’ সিনেমার শুটিং শুরু হওয়ার পরিকল্পনা করা হলেও, এ বছরের নভেম্বরেই শুটিং শুরু হবে। সালমান সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কাজ গুছিয়ে নিতে বলেছেন। এর জন্য সিনেমাটির চিত্রনাট্য নতুন করে সাজাতে হয়েছে।
