২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফাতে ‘বারফি!’ সেরা

১৪তম আইফা অ্যাওয়ার্ডে সেরা সিনেমা ‘বারফি!’, সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর কাপুর এবং বিদ্যা বালান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:45 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

১৪ তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম অ্যকাডেমি (আইফা) অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন রণবীর কাপুর। চলতি মাসের ছয় তারিখে ম্যাকাওয়ে অনুষ্ঠিত হল ১৪তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম অ্যকাডেমি (আইফা) অ্যাওয়ার্ড। যথারীতি এ বছরের অন্যান্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতোই আইফাতেও পুরো সময় ছিল ‘বারফি!’ সিনেমার জয়জয়কার। সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ সেরা সিনেমার পুরস্কারটিও গেছে অনুরাগ বসু পরিচালিত ওই সিনেমার ঘরেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

‘বারফি!’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা রণবীর কাপুর তার অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন সকলের কাছেই। তবে আইফার আসরে সেরা অভিনেতার পদকটি নিজের হাতে নিতে পারেননি তিনি। তার হয়ে পদকটি গ্রহণ করেন অনুরাগ।

পদক গ্রহণের পর তিনি বলেন, “আমি আজ এখানে রণবীরের অভাব অনুভব করছি। তাকে ছাড়া সিনেমাটি কখনও এতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যেত না।”

‘কাহানি’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হন বিদ্যা বালান। স্টার প্লাসের জরিপ অনুযায়ী বছরের সেরা অভিনেতা জুটি নির্বাচিত হন ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। ‘ভিকি ডোনার’ সিনেমায় অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা নির্বাচিত হন আনু কাপুর এবং ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার আনুশকা শর্মা।

আন্তর্জাতিক সিনেমায় একজন ভারতীয় হিসেবে ‘আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন সিনিয়র বলিউড অভিনেতা অনুপম খের। অন্যদিকে ভারতীয় সিনেমায় অনন্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন জাভেদ আখতার। সেরা নবাগতা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গুপ্তা এবং অভিনেতা আয়ুষ্মান খুরানা।

এবারের আসরে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, বিদ্যা বালান, সিদ্ধার্থ রয় কাপুর, দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, বোমান ইরানিসহ আরও অনেকে।