জনির একক সূচনা
কন্ঠশিল্পী জনির অডিও এবং মিউজিক ভিডিও ‘সূচনা’।
কণ্ঠশিল্পী জনির একক অ্যালবাম ‘সূচনা’র মোড়ক উন্মোচন হল সম্প্রতি। মোড়ক উন্মোচন করেন সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, গীতিকার শফিক তুহিন, লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, সংগীতশিল্পী সন্দীপন, বেলাল খান, নির্মাতা শিমুল হাওলাদার।
এ বিষয়ে জনি গ্লিটজকে বলেন, “আমার প্রথম একক অ্যালবাম, তাই সাফল্যের জন্য সবার দোয়া ও সহায়তা কামনা করি। বাপ্পাদা, শফিক ভাই ও অন্যান্যদের কৃতজ্ঞতা জানাই।”
অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন, বাপ্পা মজুমদার, মুশফিক লিটু, বেলাল খান ও ইমরান। গান লিখেছেন, অনুরূপ আইচ, অশোক চৌধুরী, রবিউল ইসলাম জীবন, টি.আই. অন্তর, লিটন ঘোষ জয়। অ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। অ্যালবামের কয়েকটি গানে জনির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ন্যান্সি ও মোহনা।
মোড়ক উন্মোচন পর্ব শেষ হলে অ্যালবামের ‘তুমি আমার’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওর অভিনয়শিল্পী অন্তু করিম ও পিয়া বিপাশা এবং লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, অনুরূপ আইচ, রবিউল ইসলাম জীবন, সংগীত পরিচালক মুশফিক লিটু, সংগীতশিল্পী ইমরান।
রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটির আয়োজন করে অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
