‘বিপুলের কণ্ঠ চেতনা জাগাবে আগামীতেও’
বিপুল ভট্টাচার্য চলে গেলেও তার কণ্ঠের জাগরণের গান নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুব্ধ করে যাবে বলেই বিশ্বাস তার সহযোদ্ধা ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের।
শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে এমন কথাই বলেছেন তারা।
সাড়ে ৩ বছর ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার রাজধানীর শংকরে আহমদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপুল ভট্টাচার্য।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মাত্র ১৬ বছর বয়সে গানে গানে বাংলার মুক্তিকামী মানুষের মনে প্রেরণা যুগিয়েছেন তিনি। বিপুল মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থারও সদস্য ছিলেন।
চলচ্চিত্রকার তারেক মাসুদ মুক্তিযুদ্ধ নিয়ে ‘মুক্তির গান’ নামে যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, তার ১১টি গানের মধ্যে ১০টিই বিপুল ভট্টাচার্যের গাওয়া।
শনিবার সকাল ১১টার দিকে বারডেমের হিমঘর থেকে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ চৌধুরীর তত্ত্বাবধানে স্বাধীনতার এই সৈনিককে দেয়া হয় গার্ড অব অনার।
রাষ্ট্রীয় সম্মান জানানোর পর রাষ্ট্রপতির পক্ষে কর্নেল জাকির হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল এবং আওয়ামীলীগের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এই শিল্পীর কফিনে শেষ শ্রদ্ধা জানান।
হানিফ সাংবাদিকদের বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে বলে একটা অভিযোগ আছে। এই সমস্যর সমাধান করতে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। স্বাধীন বাংলার শিল্পীসহ প্রবীণ শিল্পীদের যথাযথ সম্মান দিতে সরকার কাজ করবে।”
বিপুল ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে আসা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী ফকির আলমগীর বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমস্ত গান তার মুখস্ত ছিল। বিপুলের কণ্ঠ তরুণ প্রজন্মকে সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করবে।”
এই কণ্ঠশিল্পীর অসুস্থতার দিনগুলোতে রাষ্ট্র কোনো সহযোগিতা করেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন ফকির আলমগীর।
চোখের আড়ালে চলে গেলেও কাজের মধ্য দিয়ে বিপুল ভট্টাচার্য মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে বিশ্বাস করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ চৌধুরী বাচ্চু।
সংগঠনের সহসভাপতি গোলাম কুদ্দুস বলেন, “আজ যেখানে বিপুলের মরদেহ রাখা হয়েছে, সেই শহীদ মিনারে অসংখ্যবার তার কন্ঠ ধ্বনিত হয়েছে। যতদিন স্বাধীন বাংলার গান এই বাংলায় থাকবে ততোদিন তার গান মানুষের কন্ঠে প্রতিধ্বনিত হবে।”
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমাদ, বাউল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতিসহ সাধারণ মানুষ ফুল দিয়ে এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শেষে বিপুল ভট্টাচার্যের মরদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় পোস্তগোলা শ্মশানঘাটে।
২০১০ সালে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে বিপুলের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। তখন টাকার অভাবে চিকিত্সা করাতে না পেরে দেশে ফিরে আসেন এই শিল্পী। এরপর ডেল্টা হাসপাতালে তাকে কেমো থেরাপি দেয়া হয়।
গত মাসে তিনি কিছুদিন রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা নিলেও পরে তাকে আহমদ মেডিকেলে স্থানান্তর করা হয়।
বিপুল ভট্টাচার্যের জন্ম ১৯৫৫ সালে কিশোরগঞ্জ জেলায়। এক ছেলে ও এক মেয়ের জনক বিপুল ছিলেন ছায়ানটের সংগীত শিক্ষক।
