২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইভাকে বিয়ের প্রস্তাব 

ইভা মেন্ডেজকে বিয়ের প্রস্তাব দেবেন রায়ান গসলিং।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

হলিউডি অভিনেতা রায়ান গসলিং প্রেমিকা ইভা মেন্ডেজকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, বেশ কয়েকমাস ধরেই ৩২ বছর বয়সী রায়ান তার প্রেমিকা ইভাকে বিয়ের প্রস্তাব দেবেন বলে ভাবছেন।

এক সূত্র জানিয়েছে, ইভা রায়ানকে অনেক আগেই বলেছিলেন তিনি তার ৪০তম জন্মদিনের আগে বাগদান সারতে চান। কিন্তু রায়ান আরও আগে থেকেই এই পরিকল্পনা করছেন; এখন তিনি পছন্দের আংটি খুঁজে বেড়াচ্ছেন। কয়েক মাস আগে থেকেই ইভাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন রায়ান।

নিজেদের সম্পর্কের ব্যাপারে বরাবরই গোপনীয়তা বজায় রাখা এই জুটি বছরের শেষের দিকে বিয়ে করবেন বলে ধারণা করা হচ্ছে।

তবে শুধুমাত্র বিয়ের কথাই ভাবছেন না ইভা, সূত্র জানিয়েছে, রায়ানের সন্তানের মাও হতে চান তিনি।

সূত্রটি জানিয়েছে, ইভা রায়ানের সঙ্গে সন্তান নেওয়ার কথা ভাবছেন। তিনি রায়ানের পরিবারকে খুবই ভালোবাসেন, বিশেষ করে রায়ানের মা ডোনার সঙ্গে তার বিশেষ ভাব রয়েছে। এমনকি গত বছর ডোনার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে রায়ানের সঙ্গে গিয়েছিলেন ইভা।

সূত্রটি আরও জানায়, ইভা এবং ডোনা সবসময়ই যোগাযোগ রাখেন আর ডোনা চান তার ছেলে এবার সংসার শুরু করুক। রায়ান ইভার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছেন। ইভা এখন সত্যিই বিয়ে করে পরিবার গঠন করতে চান।