২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল ভট্টাচার্য্যকে চিরবিদায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সহযোদ্ধাদের ক্ষোভ, জীবিত অবস্থায় কেন রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়নি সদ্যপ্রয়াত বিপুল ভট্টাচার্য্যকে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:02 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

সম্মানটি তার প্রাপ্যই ছিল।’-- এমন মন্তব্য কণ্ঠশিল্পী মোহাম্মদ আবদুল জব্বার, মনোরঞ্জন ঘোষাল প্রমুখের। জীবদ্দশায় রাষ্ট্রীয় কোনো সম্মাননা না পেলেও জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শেষশ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে ৬ জুলাই বেলা ১১টায়।

লাল-সবুজ পতাকায় মোড়ানো কফিনকে মধ্যে রেখে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্টেট অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কণ্ঠযোদ্ধা বিপুল ভট্টাচার্য্যকে সম্মান জানান। এ সময় পুলিশের বাদক দলের সদস্যরা বিউগলে করুণ সুর বাজিয়ে ১৯৭১ সালের নির্ভিক সেই কিশোরকে শেষ সালাম জানায়।

এরপরই শহীদ মিনারের মূলবেদির উল্টোপাশে কংক্রিটে ঢাকা চাতালের শেষ প্রান্তে তৈরি করা অস্থায়ী মঞ্চে তার মরদেহ রাখা হয়। শিল্পীর কফিনে ফুলেল শুভেচ্ছা জানাতে তার সহযোদ্ধা, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং দর্শনার্থীরা মঞ্চের পূর্বদিক থেকে এসে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাইকে আগতদের নাম পরিচয় এবং প্রয়াত শিল্পীর বর্ণাঢ্য জীবন সম্পর্কে আলোকপাত করতে থাকেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস এবং আবৃত্তিকার রফিকুল ইসলাম।

শুরুতেই মুক্তিযোদ্ধা বিপুল ভট্টাচার্য্যরে শবদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব কর্নেল মোহাম্মদ জাকির হোসেন পিএসসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিডিয়া বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক শাকিল। এরপরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন স্বাধীর বাংলা বেতার কেন্দ্রের শিল্পী দেবেন্দ্র মালাকার, মলয় কুমার গাঙ্গুলি, শিবু রায়, কামাল উদ্দিন, ডালিয়া নওশীন, কিরণচন্দ্র রায়, আলম দেওয়ান প্রমুখ।

তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে উপদেষ্টা মাহবুবুল আলম হানিফ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাইনুদ্দিন চৌধুরী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সংস্থা, গীতিকার সংসদ, কিশোরগঞ্জ জেলা সমিতি, রবীন্দ্রসংগীত শিল্পী পরিষদ, মহিলা পরিষদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, সারগাম ললিতকলা একাডেমি, ঋষিজ শিল্পী গোষ্ঠী, কারক নাট্য সম্প্রদায়, আবৃত্তিশিল্পী সমন্বয় পরিষদ, নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক ম. হামিদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবির সংগীত বিভাগ, প্রজন্ম একাত্তর,  জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, খেলাঘর, বহ্নিশিখা শিল্প গোষ্ঠী, ছায়ানট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সত্যেন সেন শিল্প গোষ্ঠী, দেশটিভি প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান।

এছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান, রামেন্দু মজুমদার, শংকর শাঁওজাল, কুদ্দুস বয়াতি, এস. ডি রুবেল, নৃত্যশিল্পী আমানুল হক, অভিনেতা সফি কামাল, গীতিকার কে এম চান, সাবেক ছাত্রনেতা ফজলে রহমান প্রমুখ।

প্রয়াতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ বলেন, “আমরা বিদায় জানাচ্ছি এমন একজনকে যিনি বিশ্বাস ও পরিশ্রম দিয়ে বাংলাদেশ গড়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবে ছিলেন মৃদুভাষী, তবে নীতির দিক থেকে আপোষহীন। তিনি শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, ছিলেন মানুষের শিল্পী। যৌবনের প্রারম্ভে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। আমরা যারা রণাঙ্গনে যুদ্ধ করেছি, তারা এই শিল্পীর মতো কণ্ঠযোদ্ধাদের দীপ্তকণ্ঠের গানে উজ্জীবিত হয়েছি। এই অকুতভয় বীরকে জাতি আজীবন মনে রাখবে। তিনি গান করেছেন এই জাতির ঘুম ভাঙানোর জন্য। এই দেশ যতদিন থাকবে তিনি ততদিন থাকবেন সকলের হৃদয়ের মণিকোঠায়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তিনি বেঁচে থাকবেন।”

আরেক কণ্ঠযোদ্ধা আবদুল জব্বার বলেন, “একজন বলিষ্ঠ শিল্পীকে আমরা হারালাম। তার এই প্রয়াণে আমরা মর্মাহত। এই সময় আমি সরকারের কাছে নিবেদন করে বলছি, সরকার যেন তার পরিবারের পাশে থাকে। দেশ ও জাতি তার কাছে ঋণী। এই ঋণ কখনও শোধ হওয়ার নয়। সেদিক বিবেচনা করে হলেও তার পরিবারকে সব ধরনের সহযোগিতা করা উচিত।”

ফকির আলগীর বলেন, “১৯৬৯ সালে এক মিউজিক কমপিটিশনে তিনি পলিÍগীতিতে প্রথম হয়েছিলেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি আলতাফ মাহমুদ সম্মাননা ও ঋষিজ পদকসহ নানা পদক পেলেও সরকার তাকে কোনো সম্মাননা দেয়নি। আমি সরকারের কাছে তাকে মরণোত্তর পদক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর নতুন প্রজন্মকে বলতে চাই, এমন সংগীতসাধকের সুর কণ্ঠে তুলে নিলে তোমরাও তার আলোয় আলোকিত হবে।”

মলয় কুমার গাঙ্গুলি বলেন, “আজ আমাদের মাঝে বিপুল নেই। তবে তার সংগীত সম্ভার রয়ে গেছে। পরের প্রজন্ম তার সংগীত সুধা পান করে সমৃদ্ধ হবে। বিপুল সুখে থাকুক স্বর্গধামে।”

এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী কুমকুম ভট্টাচার্য্য, একমাত্র ছেলে পার্থ ভট্টাচার্য্য এবং মেয়ে মল্লিকা ভট্টাচার্য্যসহ পরিবারের অন্যান্য সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভার্থীরা।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বিপুল ভট্টাচার্য্যরে মরদেহ ঢাকার পোস্তাগোলা শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শবদাহ অনুষ্ঠিত হয়।

বিপুল ভট্টাচার্য্য ১৯৫২ সালে ২৫ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হন। বাংলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তরুণ বিপুল গানে গানে ছড়িয়ে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনা। সে সময় মাইলের পর মাইল হেঁটে তিনি গেয়ে গেছেন দেশের গান। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বিপুল ভট্টাচার্য্যরে গাওয়া গান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। শরণার্থী শিবিরের হাজারো মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন তিনি। মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছিলেন বিপুল। তিনি বাংলা গণসংগীত ও লোকগানেও রেখেছেন বিশেষ অবদান। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত মুক্তির গান চলচ্চিত্রের ১১টি গানের মধ্যে ১০টিই তাঁর গাওয়া। বিপুল ভট্টাচার্য গান গেয়ে ও শিখিয়ে জীবিকা নির্বাহ করতেন।

তিনি ২০১০ সাল থেকে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে আহমদ মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়। ৫ জুলাই শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে ধানমন্ডির আহমদ মেডিকেল সেন্টারে তিনি শেষ,

নিঃশ্বাস ত্যাগ করেন।

পুরনো খবর:

চলে গেলেন বিপুল ভট্টাচার্য্য