২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের তৃতীয় সন্তান

তৃতীয় সন্তান জন্মের খবরটি নিশ্চিত করেছেন শাহরুখ খান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 10:11 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

তৃতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বলিউডি অভিনেতা শাহরুখ খান। সারোগেসির মাধ্যমে তার তৃতীয় সন্তান জন্মের বিষয়টি ৩ জুলাই নিশ্চিত করলেও এ সম্পর্কিত অন্য কোনো বিষয়েই মুখ খোলেননি তিনি। খবর এনডিটিভির।

এ বিষয়ে শাহরুখ সংবাদমাধ্যমটিকে বলেন, “আমার সন্তানের জন্ম একদিক থেকে যেমন আনন্দের তেমনি কিছুটা দুঃখেরও। আমি তদন্তকারীদের বলতে চাই, তারা যেন যতটা সম্ভব দ্রুত এর কাজ শেষ করেন। সব সমস্যা মিটে গেলে আমি সবাইকে সব কিছুই জানাব।”

উল্লেখ্য, সন্তানের জন্মের আগেই এর লিঙ্গ সম্পর্কে জানিয়েছিলেন শাহরুখ। ভারতে এভাবে জন্মের পূর্বে শিশুর লিঙ্গ নির্ধারণ অবৈধ। আর তাই কিছুটা আইনি ফ্যাসাদে পড়ে যান তিনি।

মুম্বাইয়ের মিউনিসিপাল বডির এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, শাহরুখ এবং গৌরির একটি ছেলে সন্তান হয়েছে। বিএমসি-এর মুখপাত্র বিজয় খাবেল পাটিল জানান, আন্ধেরি হাসপাতাল বিএমসি-এর স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানিয়েছে ২৭ মে একটি শিশুর জন্ম হয়েছে। যার বাবার নাম শাহরুখ খান এবং মা গৌরি খান।