২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋতুপর্ণ স্মরণে চিত্রাঙ্গদা

ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে স্বপ্নদল প্রযোজিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র বিশেষ মঞ্চায়ন

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 10:56 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

ভারতের প্রয়াত চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে নাট্যসংগঠন স্বপ্নদল তাদের প্রযোজিত কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়ন করবে। এটি প্রদর্শিত হবে ৬ জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যকে নীরিক্ষামূলক নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এ বিষয়ে জাহিদ রিপন গ্লিটজকে বলেন, “প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ। মঞ্চায়নের আগে ঋতুপর্ণ ঘোষের জীবন ও শিল্পকর্ম সম্পর্কিত তথ্যাবলি উপস্থাপন করা হবে।”

তিনি আরও বলেন, ‘ঋতুপর্ণ ঘোষের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘চিত্রাঙ্গদা’। রবীন্দ্রনাথের রচনাকে ভিত্তি করে এতে তিনি নর-নারীর মনোদৈহিক সম্পর্ক ও টানাপড়েনের নবতর ব্যাখ্যা উপস্থাপন করেছেন। তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন গল্পটি অন্যভাবে বলতে চান। সবকিছু বিবেচনা করে ঋতুপর্ণকে স্মরণ এবং তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে স্বপ্নদল ‘চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়নের আয়োজন করেছে।”

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন, সোনালি রহমান জুলি, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, শাখাওয়াত শ্যামল, শিশির সিকদার, হাসান রেজাউল, সামাদ ভূঞা, সুকন্যা আমীর, জেবুন্নেসা আলো, মাধুরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, রেজাউল মাওলা নাবলু, মাসুদ রানা, আলী হাসান, বিমল দাশ, সাঈদুল ইসলাম সাঈদ প্রমুখ।