২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব

একুশটি চলচ্চিত্র নিয়ে শিল্পকলায় উৎসব

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 11:29 AM

Updated : 25 Apr 2022, 06:56 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও মুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে ৩ জুলাই থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। এতে ২০০২ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশে নির্মিত চলচ্চিত্রের মধ্য থেকে আয়োজকদের বাছাই করা একুশটি সিনেমা প্রদর্শিত হবে। ২ জুলাই শিল্পকলায় অনুষ্ঠিত সংবাদসম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

এতে গ্লিটজের এক প্রশ্নের জবাবে মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, “এই আয়োজনের সিনেমাগুলো বাছাই করেছেন উৎসব কমিটির মনোনীত ৩ জনের জুরি কমিটি।”

তবে জুরি কমিটির সদস্যদের নাম এ সময় বলেননি তিনি। এ বিষয়ে তিনি বলেন, “উৎসবের উদ্বোধনের সময় জুরিদের পরিচয় দেওয়া হবে।”

এতে আরও জানানো হয়, উদ্বোধনী আয়োজনে চলচ্চিত্রগুলোর ১৮ নির্মাতাকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করবেন আয়োজকরা।

উৎসবে নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’, তারেক মাসুদের ‘মাটির ময়না’ ও ‘রানওয়ে’, তানভীর মোকাম্মেলের ‘লালন’, মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’, আবু সাইয়ীদের ‘শক্সখনাদ’, কোহিনূর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, চাষী নজরুল ইসলামের ‘শুভা’, কবরী সারোয়ারের ‘আয়না’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, এনামুল করিম নির্ঝরের ‘আহা!’, গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’, গোলাম রব্বানী বিপ্লবের ‘স্বপ্নডানায়’, তৌকির আহমেদের ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’, সাইদুল আনাম টুটুলের ‘আধিয়ার’, কাজী মোরশেদের ‘ঘানি’, নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, টোকন ঠাকুরের ‘ব্ল্যাকআউট’, নোমান রবিনের ‘কমন জেন্ডার’ প্রদর্শিত হবে।

শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালার মিলনায়তনে উৎসবটি অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, অধ্যাপক ফাহমিদুল হক, শিল্পী সব্যসাচী হাজরা প্রমুখ।