২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয়ই সব নয়

অভিনয়শিল্পীর মেকআপ, চুল এবং পোশাক খুবই গুরুত্বপূর্ণ : বিদ্যা বালান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 11:56 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

বলিউডি অভিনেত্রী বিদ্যা বালানের মতে একজন অভিনয়শিল্পীর শুধু অভিনয়গুণ থাকলেই চলবে না সেইসঙ্গে তার মেকআপ, চুল এবং পোশাকের সঠিক জ্ঞান থাকাও প্রয়োজন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিদ্যা বলেন, “একজন অভিনয়শিল্পীর জন্য মেকআপ, চুলের স্টাইল, পোশাক, চালচলন এমনকি কথা বলার ধরনও খুবই গুরুত্বপূর্ণ। যদি এই উপাদানগুলো ব্যবহার করে আপনি অভিনয়ের মাধ্যমে সম্পূর্ণ অন্যরকম একজন মানুষকে পর্দায় তৈরি করতে পারেন, সেখানেই অভিনেতা হিসেবে সার্থকতা। আমি খুবই আনন্দিত; কারণ আমি পর্দায় নানারকম চরিত্রে অভিনয় করতে পারছি এবং আমি সবটুকু সুযোগ কাজে লাগাতে চাই।”

‘কাহানি’ থেকে শুরু করে ‘ঘানচক্কর’ পর্যন্ত, নিজের প্রতিটি সিনেমায় নতুন এবং ভিন্নভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। এ বিষয়ে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, “আমার নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে খুবই ভালো লাগে। ব্যাপারটি সবসময়ই মজার।”

‘পা’ এবং ‘ইশকিয়া’-র মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক গ্রহণযোগ্যতা পেলেও নিজের লুক নিয়ে প্রায়ই সমালোচনার শিকার হয়েছেন বিদ্যা।

এ বিষয়ে বিদ্যা বলেন, “ব্যাপারটি আমাকে কষ্ট দিয়েছিল। হ্যাঁ ঐ সময়টাতে আমি একটু দুঃখ পেয়েছি বটে কিন্তু সবকিছু ভুলে এগিয়ে যাওয়া এবং বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করাই শ্রেয়।”

‘ঘানচক্কর’-এর পর বিদ্যাকে দেখা যাবে ফারহান আখতারের সঙ্গে ‘শাদি কি সাইড এফেক্টস’ সিনেমায়।