লন্ডনে বম্বে টকিজ
লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘বম্বে টকিজ’-এর বিশেষ প্রিমিয়ার।
ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে নির্মিত ‘বম্বে টকিজ’ সিনেমাটির জন্য একটি বিশেষ প্রিমিয়ারের আয়োজন করছে ৪র্থ লন্ডন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। প্রিমিয়ারটি হবে ১৮ জুলাই। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এক সপ্তাহের ওই উৎসবে যুক্তরাজ্যের দর্শকদের জন্য ভারতীয় সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়েছে। অমিতকুমার পরিচালিত ‘মনসুন শুটআউট’ সিনেমাটি উদ্বোধনীতে প্রদর্শিত হবে। অন্যদিকে কারান জহর, জয়া আখতার, দিবাকর ব্যানার্জি এবং অনুরাগ কশ্যপ পরিচালিত ‘বম্বে টকিজ’ সিনেমাটি সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে।
প্রথমবারের মতো ব্র্যাডফোর্ড এবং গ্লাসগোতেও হবে অনুষ্ঠানটি। সিনেওয়ার্ল্ড হেমার্কেটে উদ্বোধনের পর সাউথ ব্যাংকের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট, সিনেওয়ার্ল্ড সিনেমা, শাফ্টসবারি এভিনিউ, উডগ্রিন, ওয়ান্ডসওর্থ, স্টেপলস কর্নারসহ আরও বেশ কয়েকটি জায়গায় সিনেমা প্রদর্শিত হবে।
গুজরাটি, পাঞ্জাবি, কানাড়া, মারাঠি ভাষার সিনেমাও প্রদর্শিত হবে। পাকিস্তানি সিনেমা ‘জোশ’-এরও একটি প্রদর্শনী হবে আসরটিতে।
