তরুণদের প্রভাবিত করবে সত্যাগ্রহ
প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যাগ্রহ’ সিনেমাটিতে সমাজ ব্যবস্থার প্রতি ভারতের মধ্যবিত্ত মানুষের ক্ষোভ এবং আক্ষেপ তুলে ধরা হবে এবং এটি তরুণ প্রজন্মকে প্রভাবিত করবে বলে জানিয়েছেন এটির প্রধান অভিনেত্রী কারিনা কাপুর। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
কারিনা সম্প্রতি সিনেমাটি সম্পর্কে বলেন, “সিনেমাটি তরুণ প্রজন্মকে প্রভাবিত করবে বলে আমি মনে করি। সিনেমাটিতে কাজ করতে দারুণ লেগেছে আমার।”
চলতি বছরের অগাস্টে ভারতে মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগান, মনোজ বাজপাই, অর্জুন রামপাল এবং অমৃতা রাও।
সিনেমাটির ট্রেইলার লঞ্চ অনুষ্ঠানে অমৃতা বলেন, “সত্যাগ্রহ সিনেমাটি সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার একটি আদর্শ মাধ্যম বলেই মনে করি আমি।”
সিনেমাটিতে অমিতাভ বচ্চনের পুত্রবধূর ভূমিকায় অভিনয় করছেন অমৃতা।
সিনেমায় অমিতাভের চরিত্রটিকে নতুন প্রজন্মের গান্ধীর সঙ্গে তুলনা করা হয়েছে। এ বিষয়ে বিগ বি বলেন, “কয়েক বছর আগে আয়ারল্যান্ডে এর সূচনা হয়েছিল। আমি মনে করি সত্যই সব সমস্যা সমাধানের একমাত্র উপায়।”
সিনেমায় একজন তরুণ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপাই। অজয় একজন সফল ব্যবসায়ীর চরিত্র তুলে ধরবেন সিনেমাটিতে। অন্যদিকে কারিনা একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।
