২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামীদের মধ্যে বিয়ের পক্ষে রায়

সমকামীদের মধ্যে বিয়ের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রে আদালতের রায়কে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন হলিউডবাসী।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:38 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সমকামীদের মধ্যে বিয়ের পক্ষে মার্কিন সুপ্রিমকোর্টের রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন হলিউডি তারকারা। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে টুইটারে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, লেডি গাগা, বেন অ্যাফ্লেক, মার্ক রুফালোসহ আরও অনেকেই। খবর আইএমডিবির।

যুক্তরাষ্ট্রে এতদিন ধরে চলে আসা বিয়েসংক্রান্ত ‘ডিফেন্স অফ ম্যারেজ অ্যাক্ট (ডোমা)’ ২৬ জুন ৫-৪ ভোটে বাতিল বলে ঘোষণা করে দেশটির সুপ্রিমকোর্ট। এর মাধ্যমে বিয়ে বলতে কেবল নারী ও পুরুষের প্রাতিষ্ঠানিক মিলনকেই বোঝাবে-- এই ধারণাকে আইনিভাবে অচল ঘোষণা করল দেশটি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সমলিঙ্গের বিয়ে নিয়ে নিষেধাজ্ঞার ব্যাপারে রায় দিতে রাজি হননি আদালত; এর মানে সেখানে সমকামীদের মধ্যে বিয়ে চলবে।

বুধবার আদালতের এই রায় প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের উচ্ছ¡াস প্রকাশ করতে টুইটারকে বেছে নেন হলিউডি তারকারা। তাৎক্ষণিকভাবে অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও টুইট করেন, “এটি একটি ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট ‘ডোমা’কে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে; আমি আনন্দিত।”

অস্কারজয়ী প্রযোজক, পরিচালক এবং অভিনেতা বেন অ্যাফ্লেক লিখেছেন, “সুপ্রিম কোর্ট থেকে দারুণ সুসংবাদ! বিদায় ডোমা, স্বাগতম সমতা!”

দ্য হাল্ক এবং অ্যাভেঞ্জার্সখ্যাত অভিনেতা মার্ক রুফালো লিখেছেন, “হেই! তুমি জানো, ডিফেন্স অফ ম্যারেজ অ্যাক্ট এখন বাতিল! আমরা ঘৃণার বিপরীতে ভালোবাসাকে বেছে নিয়েছি! সবাইকে অভিনন্দন!”

পপতারকা লেডি গাগা লিখেছেন, “সমকামীদের অধিকারের জন্য এটি একটি ঐতিহাসিক দিন। তবে মনে রাখতে হবে আরও অনেক পথ পাড়ি দেওয়ার আছে।”

টিভি উপস্থাপিকা এলেন ডিজেনার্স লিখেছেন, “সমঅধিকারের জন্য এটি একটি অসাধারণ দিন। প্রপ এইট এবং ডোমা-- দুটোই এখন বাতিল! সবাইকে অভিনন্দন!”

নিজেকে সমকামী হিসেবে পরিচয় দেওয়া টিভি অভিনেতা নিল প্যাট্রিক হ্যারিস লিখেছেন, “ডোমা এবং প্রপ এইট বাতিল? দারুণ! বড়দিন এবার ছয় মাস আগেই এসে গেল!”