২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যাকির মৃত্যুর গুজব

মৃত্যুর গুজব হেসে উড়িয়ে দিলেন জ্যাকি চ্যান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

ইন্টারনেটে নিজের মৃত্যুর গুজবের কথাটি হেসে উড়িয়ে দিয়েছেন চীনা অভিনেতা জ্যাকি চ্যান। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

২১ জুন ফেইসবুকের মাধ্যমে জ্যাকি তার ভক্তদের জানান, বহাল তবিয়তেই আছেন তিনি।

জ্যাকি লেখেন, “শুভেচ্ছা সবাইকে! আমি গতরাত তিনটায় ভারত থেকে বেইজিংয়ে পৌঁছেছি। আর এখন সবাই ফোন করে খোঁজ নিচ্ছে আমি বেঁচে আছি কি না!”

জ্যাকি আরও লেখেন, “যদি আমি মারা যেতাম তবে অবশ্যই সবাইকে জানিয়ে মারা যেতাম! আমি আজকে নিজের একটি ছবি তুলেছি, যদি কেউ বিশ্বাস না করে তাদের দেখাব। তারপরও সবাই আমাকে নিয়ে এত ভেবেছে, এই জন্য অনেক ধন্যবাদ। সবার জন্য রইল আমার অনেক ভালোবাসা।”

সম্প্রতি চাইনিজ ফিল্ম ফেস্টিভ্যালে জ্যাকি যখন ভারতে অবস্থান করছিলেন তখন অনলাইনে গুজব ছড়ান হয় তিনি মারা গিয়েছেন। তবে নিজের মৃত্যুসংবাদ হেসে উড়িয়ে দেন জ্যাকি চ্যান।