২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে সোমা

সাজ্জাদ হায়দারের ‘হৃদয় ছোঁয়া দিন’ চলচ্চিত্রে অভিনয় করছেন সোমা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:19 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

টিভি অভিনেত্রী সাদিয়া আরজুমান্দ বানু সোমা এবারে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। সাজ্জাদ হায়দার পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হৃদয় ছোঁয়া দিন’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।

এ বিষয়ে সাজ্জাদ হায়দার গ্লিটজকে বলেন, “হৃদয় ছোঁয়া দিন আমার লেখা প্রথম উপন্যাস। সেটি থেকেই আমার প্রথম চলচ্চিত্রটি তৈরি করছি। সিনেমাটির জন্য তরুণ অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল। দীর্ঘসময় নিয়ে আমি আমার সিনেমার অভিনয়শিল্পীদের বাছাই করেছি।”

তিনি আরও বলেন, “এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বায়েজিদ ও সোমা। একটি বিশেষ চরিত্রে মডেল মুন অভিনয় করছেন। এর বয়োজ্যেষ্ঠ চরিত্রগুলোতে দেশের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের দেখা যাবে।”

সাজ্জাদ হায়দার আরও বলেন, “৭ জুলাই বিক্রমপুরের সিরাজদিখানে শুটিং শুরু করছি। প্রথম পর্যায়ে ৯ জুলাই পর্যন্ত শুটিং করব।”

এদিকে চলিচ্চত্রে অভিষেক বিষয়ে সোমা বলেন, “আমি তথাকথিত বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করতে চাইনি কখনও। সেদিক থেকে প্রথম সিনেমাটি যেহেতু মুক্তিযুদ্ধভিত্তিক তাই খুবই ভালো লাগছে। সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমি এই কাজটি করার প্রস্তুতি নিচ্ছি।”

সিনেমাটির সংগীত পরিচালনা করছেন কণ্ঠশিল্পী আগুন। নৃত্য পরিচালনা করছেন ওয়াসেক। ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবেন আলবার্ট খান। সিনেমাটির যুদ্ধের দৃশ্য পরিচালনা করবেন মাসুদ ইকবাল।