২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সোনম

বলিউডের গ্ল্যামার গার্ল কিংবা ফ্যাশন ডিভা হিসেবে তিনি বরাবরই আছেন পত্রিকার পাতায়, কিন্তু পরপর কয়েকটি ফ্লপ সিনেমার কারণে তার অভিনয় গুণ সম্পর্কে ভুলতে বসেছিলেন অনেকেই। আর তাই সিনেমাপ্রেমীদের মনে স্থান করে নিতে আবারও সিনেমাপর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী সোনম কাপুর। জমকালোভাব ঝেড়ে ফেলে সম্পূর্ণ ‘ননগ্ল্যামারাস’ রূপে সোনমের এই ফিরে আসা তার ক্যারিয়ারকে কতখানি নতুন মোড় দিতে পেরেছে, এরমধ্যেই তার প্রমাণ দর্শকরা পাচ্ছেন তার নতুন সিনেমা ‘রানঝানা’-র মুক্তির পর।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 02:22 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বনসালির ‘সাওয়ারিয়া’ দিয়ে যখন শুরু হয়েছিল সোনমের ক্যারিয়ার, তখন বলিউডের সবার ধারণা ছিল,  অভিনেত্রী হিসেবে সোনমকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল না হলেও সোনম এবং রণবীর কাপুরের অভিনয় যথেষ্ট সমর্থন পেয়েছিল সবার কাছ থেকেই।

কিন্তু সোনমের পরবর্তী ছয় বছরের ক্যারিয়ারের হিসাব কষলে দেখা যাবে, ২০১৩-এর আগের কয়েকটি বছরে খুব বেশি ভালো কাজ করতে পারেননি তিনি। ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ মুক্তি পাওয়ার পর দুই বছরের দীর্ঘ বিরতি। এরপর ২০০৯ সালে সোনম আবারও বড়পর্দায় ফিরলেন ‘দিল্লি-৬’ সিনেমার মধ্য দিয়ে। বিট্টু শর্মা নামের পুরনো দিল্লির সেই সাধারণ মেয়েটির মাথার উপর পায়রা নিয়ে ‘মাসাক্কালি’ নাচ আজও অনেকেরই মনে আছে। এরপর ২০১০ সালে মুক্তি পেল হালকা ধরনের রোমান্টিক কমেডি ‘আই হেইট লাভ স্টোরিজ’, অভিনেতা ইমরান খানের সঙ্গে সোনমের নতুন জুটি সাদরেই গ্রহণ করল বলিউডপ্রেমীরা। ২০১০ সালে মুক্তি পেল সোনমের আরও একটি সিনেমা, ‘আয়শা’। অভিনেতা অভয় দেওলের সঙ্গে এই কমেডি ধাঁচের সিনেমাটিতে সোনমকে দেখা গিয়েছিল ধনী পরিবারের একজন ফ্যাশন সচেতন মেয়ে হিসেবে, যা তার বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। বলা যেতে পারে ‘আয়শা’ সিনেমাটির বদৌলতেই সিনেপর্দায় নিজের ‘ফ্যাশন সেন্স’ অনেকটাই দেখাতে পেরেছিলেন সোনম, সেইসঙ্গে দর্শকের কাছেও পেয়েছিলেন গ্রহণযোগ্যতা ।

কিন্তু ২০১১ সাল থেকে যেন পাল্টে যেতে শুরু করল সোনমের ক্যারিয়ারের স্রোত। ২০১১ সালে মুক্তি পেল সোনম অভিনীত কমেডি সিনেমা ‘থ্যাংক ইউ’। কমেডি ধাঁচের হওয়ার কারণে সিনেমাটি দর্শকের কাছে ভালো লাগলেও অক্ষয় কুমার, ববি দেওল, ইরফান পাঠান, সুনীল শেঠির মতো তারকার ভিড়ে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন সোনম।

সিনেমাটি সমালোচকদের কাছ থেকে চোখ রাঙানি ছাড়া বিশেষ কিছুই অর্জন করতে পারেননি। একই বছর মুক্তি পেল সোনমের আরও একটি সিনেমা ‘মৌসুম’। ভিন্নধর্মী প্রেমের কাহিনি ‘মৌসুম’-এ সোনমের অভিনয় ক্ষমতা প্রদর্শনের অনেক সুযোগ থাকা সত্ত্বেও বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। সোনমের সবশেষ সিনেমা ২০১২-এর ‘প্লেয়ার্স’। হলিউডি সিনেমা ‘দ্য ইটালিয়ান জব’-এর আদলে তৈরি আব্বাস-মাস্তানের এই অ্যাকশন সিনেমায় গ্ল্যামারের কোনো কমতি না থাকলেও, দর্শক-সমালোচক- কোনো মহলেই ভালো কোনো প্রতিক্রিয়া অর্জন করতে পারেনি সিনেমাটি। আর এভাবেই একের পর এক ফ্লপ সিনেমার কারণে দর্শকের মন থেকে ফিকে হয়ে যেতে লাগল সোনম কাপুরের নাম।

তবে পুরোটা সময় জুড়েই নিজের ফ্যাশন সচেতনতার জন্য পত্রিকার পাতায় নিয়মিত ছিলেন সোনম। কখনও বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘ল’রিয়াল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিংবা কখনও কোনো ফ্যাশন মাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে তাকে। কিন্তু একজন অভিনেত্রীর জীবনের মূল সার্থকতা তার অভিনয়ের মধ্য দিয়েই পাওয়া সম্ভব। সেই উপলব্ধি থেকেই হয়তো পুরো এক বছর বিরতির পর ২০১৩-তে সোনম ফিরে এসেছেন ভিন্নধর্মী দুটি সিনেমা- ‘রানঝানা’ এবং ‘ভাগ মিলখা ভাগ’ নিয়ে।

‘কোলাভেরি ডি’ গানটির কথা মোটামুটি সবারই জানা আছে। দক্ষিণের সেই জনপ্রিয় তারকা ধানুশ এবার বলিউডে পা রেখেছেন সোনমের সঙ্গে নতুন সিনেমা রানঝানার মধ্য দিয়ে। তারকা খ্যাতির দিক থেকে চিন্তা করলে ধানুশ ও সোনম, দুজনের প্রতি দর্শকের প্রত্যাশা সবসময়ই যেন একটু বেশি। বিশেষ করে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সোনমের জন্য আবারও দর্শকের মনে ফিরে আসা ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর দর্শকের প্রত্যাশা পূরণ করতে অসফল হননি এই নতুন জুটি। বাস্তব জীবনের ‘গ্ল্যাম ডল’ সোনম রানঝানার মধ্য দিয়ে আরও একবার বুঝিয়ে দিয়েছেন বলিউডে অভিনেত্রীদের স্থান এখন শুধুমাত্র সংক্ষিপ্ত পোশাক কিংবা সুন্দর মেকআপের মধ্যেই সীমাবদ্ধ নয়।

বলিউড বিশ্লেষকদের মতে, রানঝানার সফলতার পেছনে একটি বড় অংশ হল সিনেমাটির কাহিনি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা, যার একটি বিখ্যাত কাজ হল ‘তানু ওয়েডস মানু’। ছোট শহরের দুজন মানুষের মধ্যকার নিষ্পাপ প্রেমের গল্প রানঝানা ইতিমধ্যেই দর্শকের মনে বিশেষ ছাপ ফেলতে সক্ষম হয়েছে। যেখানে বেশিরভাগ বলিউডি সিনেমায় থাকে আইটেম গানের ছড়াছড়ি, সেখানে রানঝানা সিনেমাটি শুধুমাত্র এর কাহিনি এবং কলাকুশলীদের অভিনয়ের কারণে হিন্দি সিনেমার ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। সেইসঙ্গে রয়েছে গীতিকার এ আর রহমানের সংগীত, যা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

কিন্তু বাস্তব জীবনে যিনি সবসময়ই সেজেগুজে থাকতে পছন্দ করেন, সেই সোনমের জন্য এ রকম একটি চরিত্রে অভিনয় করা কেমন অভিজ্ঞতা ছিল? উত্তরে সোনম বলেন, “আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করি। আমার প্রতিটি সিনেমায় নতুন কোনো চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। তাই আমি এই চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম।”

আর সোনম যে তার এবারের চ্যালেঞ্জে হয়েছেন শতভাগ সফল, তা রানঝানা সিনেমাটি মুক্তির পরই বোঝা গেছে। এরমধ্যেই সমালোচকরা সিনেমাটিকে দিয়েছেন পাঁচের মধ্যে চার তারকা, আর বক্স অফিস সাফল্য এখনও উঠতির দিকেই রয়েছে। তবে, সোনমের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হল, সিনেমাটি দেখে তার বাবা অনিল কাপুরের প্রশংসা। সোনমের ভাষ্যমতে তার সবচাইতে বড় সমালোচক হলেন অনিল; রানঝানা দেখার পর তিনিই হয়ে গেছেন সোনমের অভিনয়ের বড় ভক্ত। এটিই সোনমের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলেছে অনেকটা।

২০১৩ তে সোনম অভিনীত দ্বিতীয় সিনেমাটি হল ‘ভাগ মিলখা ভাগ’। ভারতের বিখ্যাত দৌড়বিদ মিলখা সিংয়ের জীবনের উপর নির্মিত এই সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ফারহান আখতার। আর সোনম রয়েছেন মিলখা সিংহের প্রেমিকা নির্মল কাউরের চরিত্রে। যদিও ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটির জন্য এখন পর্যন্ত লাইমলাইটে রয়েছেন ফারহান আখতার। তবে সিনেমাটি সোনমের ক্যারিয়ারের জন্যও একটি বড় ধরনের টার্নিং পয়েন্ট হতে পারে বলে ধারণা করছেন বলিউডি বোদ্ধারা।

‘ভাগ মিলখা ভাগ’কে ধরা হচ্ছে বলিউডের ২০১৩ সালের ‘মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি’-র অন্যতম। প্রথমত সিনেমাটি পরিচালনা করেছেন ‘রং দে বাসান্তি’-খ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, তার উপর ভিন্নধর্মী এই জীবনীমূলক সিনেমাটি বক্স অফিস এবং সমালোচকদের কাছে কেমন লাগবে, তা দেখার জন্য এখন উদগ্রীব বলিউডবাসী।

‘ভাগ মিলখা ভাগ’-এর সংগীত ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এবং শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে। এখন দর্শকের কাছে সিনেমাটির কাহিনি এবং কলাকুশলীদের অভিনয় কতখানি গ্রহণযোগ্যতা পাবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত।

জুনের ৯ তারিখে ২৮ বছরে পা দেওয়া সোনম কাপুর সবসময়ই তার আত্মবিশ্বাস এবং ফ্যাশন সচেতনতার জন্য বলিউডে বিশেষভাবে পরিচিত এবং সমাদৃত হয়ে এসেছেন। অভিনয় ক্যারিয়ারে কিছুটা পিছিয়ে পড়লেও সোনমের ভাষ্য, নায়িকাদের ইঁদুরদৌড়ে নাম লেখাতে বলিউডে আসেননি তিনি। বরং একজন ভালো অভিনেত্রী হওয়াই ছিল তার সবসময়ের ইচ্ছা। তাই সোনমের ভক্তরা ভবিষ্যতে তাকে শুধুমাত্র পত্রিকার প্রচ্ছদেই নয়, সিনেপর্দায় আরও ভালো কাজ করতে দেখতে পাবেন-- এমনটাই প্রত্যাশা এখন সবার।