ইয়াসমিন নয় জেসমিন
সমালোচনা এড়াতে মুক্তি প্রতীক্ষিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দুবারা’ সিনেমায় বলিউডি অভিনেত্রী সোনাক্ষি সিনহার নাম ইয়াসমিন থেকে পাল্টে জেসমিন রেখেছেন নির্মাতারা। কারণ ইয়াসমিন সাবেক বলিউডি অভিনেত্রী মন্দাকিনির আসল নাম। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সিনেমাটি পরিচালনা করেছেন মিলান লুথারিয়া। সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনীত ‘শোয়েব’ চরিত্রটির প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষি। প্রথমে তার নাম ইয়াসমিন থাকলেও পরবর্তীতে নামটি পরিবর্তন করে জেসমিন রাখা হয়। নির্মাতারা জানান, নামের বিষয়টি পুরোপুরি কাকতালীয়।
নাম পরিবর্তনের কারণে নতুন করে কিছু কিছু জায়গায় ডাবিং করতে হয়েছে সিনেমাটির।
একতা কাপুর প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনাক্ষি সিনহা, ইমরান খান এবং সোনালি বান্দ্রে। সিনেমাটি ১৫ আগস্ট মুক্তির অপেক্ষায় রয়েছে।
