২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার ভয়েসের সেরা সজল

পাওয়ার ভয়েসের সেরা নির্বাচিত হয়েছেন সজল।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:47 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সংগীতবিষয়ক রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের সেরা নির্বাচিত হয়েছেন সজল। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ১০ লাখ টাকা ও একটি ব্র্যান্ড নিউ মিৎসুবিসি গাড়ি। প্রথম বারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১ম রানার আপ হয়েছেন যৌথভাবে ইভা ও কর্নিয়া। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ লাখ টাকা। ২য় রানার আপ রাজু পেয়েছেন ৩ লাখ টাকা। বাকি ২ ফাইনালিস্ট বেলী ও শামীম প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পেয়েছেন।

‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগানকে সামনে রেখে ট্যালেন্টহান্টের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় ২২ জুন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এই আয়োজনে শীর্ষ ১১ প্রতিযোগী গান পরিবেশন করেন। তাদের গানের সঙ্গে পারফর্ম করেন নাচের দল ঈগল গ্রুপের শিল্পীরা। পাওয়ার ভয়েসের থিম সং পরিবেশন করেন মিলা ও ইবরার টিপু। আঁখি আলমগীর একটি গানে পারফর্ম করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন তানভীর খান। প্রতিযোগিতার বিচারকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। সঞ্চালনা করেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

এই প্রতিযোগিতায় ৪০ হাজার প্রতিযোগী প্রাথমিক বাছাইয়ের জন্য নাম নিবন্ধন করেন। তাদের মধ্য থেকে ১৬৭ প্রতিযোগীকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়। এদের মধ্যে রংপুর থেকে ১২ জন, রাজশাহীর ১৮ জন, খুলনার ১৭ জন, বরিশাল থেকে ১২ জন, সিলেটের ১৭ জন, চট্টগ্রামের ২৭ জন, ময়মনসিংহের ১৩ জন এবং ঢাকা জোন থেকে ৫১ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয়। মূলপর্বের জন্য ১৬৭ জনের মধ্য থেকে নেওয়া হয় ৩২ জনকে। এদের মধ্য থেকে বেছে নেওয়া হয় চূড়ান্ত বিজয়ীদের।

প্রতিযোগিতার আয়োজন করে চ্যানেল নাইন। তাদের সহযোগিতা করেছে প্রাণ ও আরএফএল।