গান্দোলফিনির মৃত্যুবরণ
১৯ জুন ইতালিতে মারা গেছেন হলিউডি অভিনেতা জেমস গান্দোলফিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।
গান্দোলফিনির ক্যালিফোর্নিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইতালির রোমে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন ওই অভিনেতা ।
টিএমজি জানিয়েছে, ইতালির সিসিলিতে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন গান্দোলফিনি। সেইসঙ্গে ইতালীয় পরিচালক গ্যাব্রিয়েলে মুচ্চিনোর সঙ্গে বৈঠকেরও কথা ছিল তার।
মাফিয়াদের উপর নির্মিত আমেরিকান ক্লাসিক টিভি শো দ্য সপরানোস-এর মূল অভিনেতা জেমস গান্দোলফিনি তার অভিনীত চরিত্র টনি সপরানোর জন্য একাধিক এমি অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন।
গান্দোলফিনির মৃত্যুতে শোক প্রকাশ করে ‘দ্য সপরানোস’-এর পরিচালক ডেভিড চেজ বলেন, “তার যে কোনো পারফরম্যান্স যে দেখেছে সে নিঃসন্দেহে বলতে পারবে কতখানি গুণী একজন অভিনেতা ছিলেন তিনি। গান্দোলফিনি ছিলেন সর্বকালের সেরা অভিনেতাদের অন্যতম।”
দ্য সপরানোস অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান এইচবিও একটি বিবৃতিতে বিশেষভাবে শোক প্রকাশ করেছে।
গান্দোলফিনি তার ক্যারিয়ার শুরু করেন নিউ ইয়র্কের ব্রডওয়ে মঞ্চে অভিনয়ের মাধ্যমে ১৯৯২ সালে। এরপর ১৯৯৩ সালে তিনি হলিউডে পা রাখেন ‘ট্রু রোমান্স’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘শি ইজ সো লাভলি’, ‘এইটএমএম’, ‘দ্য মেক্সিকান’, ‘ইন দ্য লুপ’-এর মতো অনেক সিনেমায়।
সর্বশেষ গান্দোলফিনিকে বড় পর্দায় দেখা গেছে ‘জিরো ডার্ক থার্টি’ সিনেমায় একজন সিআইএ এজেন্টের ভূমিকায়। আর তার সর্বশেষ কাজ ছিল ‘দ্য ইনক্রেডিবল বার্ট ওয়ান্ডারস্টোন’ সিনেমাটি যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
গান্দোলফিনি স্ত্রী এবং নয় মাসের এক কন্যা রেখে গেছেন । এল এ টাইমস-এর তথ্য অনুযায়ী গান্দোলফিনির আগের স্ত্রীর সঙ্গে রয়েছে একটি পুত্রসন্তান।
