২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একশ’ কোটির তালিকা গুরুত্বপূর্ণ নয়

একশ’ কোটির তালিকায় নাম লেখানো গুরুত্বপূর্ণ মনে করেন না দীপিকা পাড়ুকোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইরা ডি কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:21 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

একশ’ কোটি আয় করা সিনেমার তালিকায় নাম লেখানো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন না বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ বছরে মুক্তিপ্রাপ্ত দীপিকা অভিনীত দুটি সিনেমা ‘রেস ২’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ স্থান করে নিয়েছে বলিউডি জগতের আলোচিত একশ’ কোটি রুপি আয় করা সিনেমার তালিকায়। তারপরও বিষয়টিকে অতটা গুরুত্বের সঙ্গে দেখছেন না তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

‘রেস ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরই মাতিয়েছে বক্স অফিস। সাবেক প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটিও শুরু থেকেই ছিল আলোচিত সিনেমার তালিকায়।  দুটি সিনেমাই ভারতজুড়ে ব্যাপক সাফল্য অর্জন করে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মাথায়ই বক্স অফিস থেকে একশ’ কোটি রুপি তুলে নেয়।

তবে এ বিষয়ে দীপিকা বলেন, “যখন নিজের অভিনীত সিনেমা সাফল্য অর্জন করে এবং সবার ভালোবাসা পায় তখন খুবই ভালো লাগে। তবে একশ’ কোটির তালিকায় স্থান করে নেওয়াকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে মনে করি না আমি। আমি মনে করি, ভালো সিনেমা বরাবরই ভালো করবে।”

বর্তমানে মসলাদার অনেক সিনেমাও ওই তালিকায় নাম লিখিয়ে নিচ্ছে। আর বিষয়টি ভালো চোখে দেখছেন না দীপিকা। তিনি বলেন, “আমি মনে করি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘বারফি’-র মতো সিনেমা যখন ভালো ব্যবসা করে সেটি একটি ভালো দিক। তবে শুধু মারামারি এবং মসলাদার সিনেমা ভালো করবে তা ঠিক না। সব ভালো সিনেমাই সফলতা অর্জন করবে।”