মিলা-অ্যাশটনের বিয়ে যুক্তরাজ্যে
হলিউডি অভিনেত্রী ডেমি মুরের সঙ্গে ডিভোর্সের সব আনুষ্ঠানিকতা শেষ হলেই অভিনেতা অ্যাশটন কুচার প্রেমিকা মিলা কিউনিসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, যুক্তরাজ্যেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন ওই হলিউডি জুটি।
দি ডেইলি স্টারের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে মিলা এবং অ্যাশটনের বেশ ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে। আর তাই সম্প্রতি বিয়ের জন্য ব্রিটেনকেই বেছে নিয়েছেন তারা।
মাধ্যমটি জানায়, ওই হলিউডি জুটি কিছুটা সেকেলে। আর তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের পিঁড়িতে বসতে চান, যাতে দ্রুত নিজেদের সংসার শুরু করতে পারেন।
ওই তারকা জুটির ঘনিষ্ট এক সূত্র জানায়, প্রথমে স্টোনহেঞ্জ জায়গাটি বেছে নিলেও পরবর্তীতে ব্রাইটনের রয়েল প্যাভিলিয়নে বিয়ে করার সিদ্ধান্ত নেন অ্যাশটন এবং মিলা। কারণ ওটি মিলার বেশ পছন্দের একটি জায়গা।
