জিয়ার আত্মহত্যা : পুলিশি হেফাজতে সুরাজ
জিয়া খানের আত্মহত্যার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন সুরাজ পাঞ্চোলি।
বলিউডি অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার আগে লেখা চিঠিতে তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের জন্য সাবেক প্রেমিক সুরাজ পাঞ্চোলিকে দায়ী করেছেন। ১০ জুন, সোমবার এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই পুলিশ সুরাজকে গ্রেপ্তার করে। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, মুম্বাই আদালতের রায় অনুযায়ী, ১৩ জুন পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকবেন সুরাজ। খবর জি মিডিয়া ব্যুরোর।
এ ব্যাপারে সংবাদমাধ্যমটিকে অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বাস নাংরে পাতিল বলেন, “ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারার অধীনে জিয়া খানের আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুরাজকে গ্রেপ্তার করা হয়েছে।”
মৃত্যুর আগে লেখা ছয় পৃষ্ঠার ওই চিঠিতে জিয়া সুরাজের উদ্দেশে লিখেছিলেন, “এত যন্ত্রণা, নির্যাতন, ধর্ষণ সহ্য করার পরও এটা আমার প্রাপ্য ছিল না। তোমার কাছ থেকে আমি কোনো ভালোবাসা ও প্রতিশ্রুতি পাইনি। তুমি কোনো না কোনো সময় আমাকে মানসিক এবং শারিরীকভাবে আঘাত করবে-- এই ভয়টা ক্রমেই আমাকে গ্রাস করছে।”
বলিউডি অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জিয়ার সঙ্গে প্রতারণার এবং জোরপূর্বক তার গর্ভপাত ঘটানোর।
