১০০ কোটির তালিকায় ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’
রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকন অভিনীত নতুন সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ১০০ কোটি রুপি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মুক্তির প্রথম দিনেই ১৯ কোটি ৪৫ লাখ রুপি আয় করার পর আয়ান মুখার্জি পরিচালিত ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি প্রথম তিন দিনের মধ্যে আয় করেছে ৬২ কোটি ১১ লাখ রুপি। এর মধ্যে মুক্তির দ্বিতীয় দিন শনিবার সিনেমাটির বক্স অফিস আয় ছিল ২০ কোটি ১৬ লাখ এবং রোববারে ছিল ২২ কোটি ৫০ লাখ রুপি।
এদিকে এক সপ্তাহের মধ্যেই ১০০ কোটি রুপি আয় করার পর বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেন, ‘১০০ কোটি এবং এখনও গণনা চলছে।’
রোমান্টিক ধাঁচের সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ প্রযোজনা করেছে কারান জোহরের ‘ধর্মা প্রোডাকশন’। রণবীর-দীপিকার সঙ্গে সিনেমাটিতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর এবং কাল্কি কোচলিন।
