মুক্তি পাচ্ছে ‘পোড়ামন’
১৪ জুন মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজুর চলচ্চিত্র ‘পোড়ামন’। সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই মুক্তির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার পক্ষে শীষ মনোয়ার বলেন, “রাজনৈতিক পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে থাকলে ১৪ জুন মুক্তি দেওয়া হবে সিনেমাটি।”
এর আগে ৬ জুন বৃহস্পতিবার ‘পোড়ামন’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
সিনেমাটিতে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা, ডন, রতন, রেহেনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর।
পোড়ামনের কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন শাহীন।
পরিচালক রাজু বলেন, “বান্দরবানে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনাকে ঘিরে সিনেমাটির গল্প এগিয়েছে। বাণিজ্যিক ধারার সিনেমাটিতে দর্শককে আনন্দ দেওয়ার মতো অনেক কিছুই আছে। দর্শক হলে গিয়ে সিনেমাটি উপভোগ করলে আমাদের প্রয়াস স্বার্থক হবে।”
রাজু আরও জানান, ৮ জুন বাজারে আসছে সিনেমাটির অডিও অ্যালবাম। এর গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শফিক তুহিন। সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু এবং রাজিব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি এবং শফিক তুহিন।
