আজম খান স্মরণে
আজম খান স্মরণে টিভি লাইভ কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’-এর বিশেষ আয়োজন।
প্রয়াত পপগুরু আজম খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার টিভি লাইভ কনসার্ট ‘ওয়ালটন মিউজিক স্টেশন’ এ বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন আজম খানের গঠন করা প্রথম ব্যান্ড দলের সদস্য কাজী হাবলু ও বর্তমান উচ্চারণের সদস্য রেভেল এবং বাংলাদেশের পুরনো ব্যান্ড ফিডব্যাক। তারা কথা বলবেন আজম খানের সঙ্গে তাদের সম্পর্ক, বাংলাদেশের ব্যান্ড সংগীতে আজম খানের ভূমিকাসহ নানা বিষয়ে। পাশাপাশি গাইবেন গান।
এ বিষয়ে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের বাবু গ্লিটজকে বলেন, “পপগুরুর মৃত্যুবার্ষিকী ৫ জুন। তবে ৫ জুন শবে মেরাজের রাত হওয়ায় আমরা নিজেরাও কোনো অনুষ্ঠান করতে পারিনি। তাই শুক্রবারের এই বিশেষ আয়োজন।”
অনুষ্ঠানে গানের ফাঁকে গ্রহণ করা হবে দর্শকদের ফোন। ‘ওয়ালটন স্টুডিও কনসার্ট’ বিশেষ পর্বটি প্রচার হবে ৭ জুন, শুক্রবার রাত ১২ টা ০৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন এ্যানি খান ও প্রযোজনা করছেন সফিক পাহাড়ী।
