জোলির নতুন পথচলা
শুধুমাত্র অভিনয়গুণের বিচারেই তার পরিচিতি সীমাবদ্ধ নয়। আর তাই হলিউডের অন্যান্য তারকার মতো কাজ নিয়ে ব্যস্ত না থাকা সত্ত্বেও নিয়মিত সংবাদের শিরোনাম হয়ে থাকেন জোলি। দীর্ঘদিনের প্রেমিক ব্র্যাড পিটের সঙ্গে বাগদান থেকে শুরু করে বিয়ের যাবতীয় প্রস্তুতিসহ বিগত কয়েক মাসে জোলির জীবনের প্রতিটি মুহূর্ত ছিল বিশ্ববাসীর নজরে।
এমনই এক সময়ে টানা তিন মাসের জন্য হারিয়ে যাওয়ার পর জোলি আবারও সংবাদ শিরোনাম হয়ে ফিরে আসেন, তবে তাকে নিয়ে এবারের খবরটি ছিল হতবাক করে দেওয়ার মতো। সম্প্রতি ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় একটি প্রবন্ধের মাধ্যমে জোলি বিশ্ববাসীকে জানান, স্তন ক্যান্সারের আশঙ্কায় অস্ত্রোপচারের মাধ্যমে নিজের দুটি স্তনই অপসারণ করেছেন তিনি। ‘মাই মেডিক্যাল চয়েজ’ নামের জোলির লেখা সেই প্রবন্ধটি মে মাসের ১৪ তারিখে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশের পরে বিশ্বজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা; আর সেই সঙ্গে শুরু হয় জোলির নতুন পথচলা।
জোলির বিগত দুই বছরের অবস্থা পর্যালোচনা করে দেখা যায়, ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে কোনো সিনেমায় কাজ করেননি তিনি। কিন্তু এরপরও কখনও ব্র্যাড পিটের সঙ্গে বাগদান, কখনও তাদের বিয়ের প্রস্তুতি কিংবা কখনও জনসেবামূলক কাজের জন্য নিয়মিত সংবাদ শিরোনামে থেকেছেন তিনি। দীর্ঘ সাত বছর প্রেম করার পর ছয় সন্তানের বাবা-মা প্রেমিক জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালের এপ্রিল মাসে আংটি বদল করেন। হলিউডের এই তারকা জুটির বিয়ে নিয়ে মিডিয়াতে চলতে থাকে নানা জল্পনা-কল্পনা। এরই মাঝে আফগানিস্তানে মেয়েদের শিক্ষার জন্য নিজের উদ্যোগে একটি স্কুল খুলে জোলি আবারও শিরোনাম হয়ে আসেন পত্রিকার পাতায়। এরমধ্যে জোলি তালেবানদের হামলার শিকার হওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইসুফজাইকে বিশেষ পুরস্কার প্রদান করেন; জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে সিরিয়ার গৃহযুদ্ধে নিপীড়িত জনগোষ্ঠীর সঙ্গে দেখাও করেন তিনি।
এতকিছুর মাঝে হঠাৎ তিন মাসের জন্য জোলি মিডিয়া থেকে দূরে সরে যান। পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসে লেখা তার একটি প্রবন্ধের মাধ্যমে জোলি বিশ্ববাসীকে জানান, স্তন ক্যান্সারের আশঙ্কায় তিনি নিজের দুটি স্তনই অপসারণ করেছেন।
তিনি জানান, বংশানুক্রমিকভাবে একটি ত্রুটিপূর্ণ জিন বহন করার কারণে তার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল ৮৭ শতাংশ। আর এমন অবস্থায় স্তন অপসারণ করাই ছিল একমাত্র উপায়। অবশেষে দুটি ‘মাস্টেকটমি’ অস্ত্রোপচারের মাধ্যমে নিজের দুটি স্তন অপসারণ করেন জোলি। প্রবন্ধটিতে জোলি আরও বলেন, শুধুমাত্র স্তন ক্যান্সারই নয়, ডিম্বাশয়ের ক্যান্সারেরও ঝুঁকি রয়েছে তার। চিকিৎসকদের হিসেব অনুযায়ী ডিম্বাশয়ের ক্যান্সারের ৫০ শতাংশ ঝুঁকি বয়ে বেড়াচ্ছিলেন জোলি। আর তাই জোলি নিজের সন্তান এবং পরিবারের কথা ভেবে ডিম্বাশয় অপসারণ করবেন বলে ঘোষণা দেন।
কিন্তু নারীদেহের এই বিশেষ অঙ্গ, যাকে বিবেচনা করা হয় নারীত্বের প্রতীক হিসেবে, ক্যান্সারের আশঙ্কায় এমন একটি অপরিহার্য অঙ্গ অপসারণ করার জোলির এই সিদ্ধান্তটিকে অনেকেই দেখছেন সাহসিকতার উদাহরণ হিসেবে। বিশেষ করে গ্ল্যামারাস একজন হলিউডি অভিনেত্রী হিসেবে জোলির জন্য এই সিদ্ধান্ত গ্রহণ ছিল অনেক কঠিন। এ বিষয়ে জোলির ভাষ্য, “আমি সব নারীর উদ্দেশ্যে বলতে চাই ‘মাস্টেকটমি’ করার সিদ্ধান্ত গ্রহণ মোটেও সহজ ছিল না আমার জন্য। তবে এই সিদ্ধান্ত গ্রহণ করে আমি খুবই আনন্দিত। এখন আমার স্তন ক্যান্সার হবার সম্ভাবনা ৮৭ শতাংশ থেকে কমে গিয়ে ৫ শতাংশে নেমে এসেছে। আমি এখন আমার বাচ্চাদের বলতে পারব তাদের আর আমাকে হারানোর ভয় পেতে হবে না। আর ব্যক্তিগতভাবে, আমি কোনোদিক থেকেই একজন নারী হিসেবে নিজেকে অসম্পূর্ণ অনুভব করছি না। এ রকম কঠিন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে এখন নিজেকে আরও শক্তিশালী মনে হয়, এই সিদ্ধান্ত কোনোভাবেই আমার নারীত্বকে আঘাত করেনি।”
এদিকে সাত বছরের সম্পর্কের পর প্রেমিকা এবং বাগদত্তা জোলির এই সিদ্ধান্তে ব্র্যাড পিটের মতামত ছিল এরকম, “এ রকম একটি পরিস্থিতিতে অ্যাঞ্জির এই সিদ্ধান্ত গ্রহণ নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়। আমি শুধুমাত্র এটাই চাই সে যেন আমার সঙ্গে এবং আমাদের সন্তানদের সঙ্গে একটি সুস্থ জীবন কাটাতে পারে। এটা আমাদের পরিবারের জন্য খুবই আনন্দের একটি বিষয়।”
নিজের সঙ্গী ব্র্যাডের এই মনোভাবের ব্যাপারে জোলি বলেন, “ব্র্যাডকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করি। এ রকম একটি সময়ে তিনি আমার পাশে থেকেছেন এবং আমাকে ভালোবাসা দিয়েছেন।”
এর কিছুদিন পর জোলি জানান, নিজের ডিম্বাশয়ও অপসারণ করেছেন তিনি। এরপর মে মাসের ২৬ তারিখে স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করে জোলির মায়ের বোন ডেবি মার্টিন মারা যান। আর ডেবির মৃত্যুর পর জোলি সিদ্ধান্ত নেন যেসব নারী অর্থের অভাবে স্তন ক্যান্সারের চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য একটি বিশেষ তহবিল গঠন করবেন তিনি।
অবশেষে এক দীর্ঘ বিরতি দিয়ে অস্ত্রোপচারের পর জুনের ২ তারিখে বাগদত্ত ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’-এর লন্ডন প্রিমিয়ারে পিটের সঙ্গে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন জোলি। তার হাস্যোজ্জ্বল এবং সাবলীল আচরণ অনেক নারীর মনে অনুপ্রেরণা জাগিয়ে তুলবে বলে ভাবছেন অনেকেই।
এদিকে, ভক্তদের জন্য জোলিকে নিয়ে সাম্প্রতিক খবর হল, জুনের ৪ তারিখে ৩৮ বছর বয়সে পা দিয়েছেন এই সাহসী অভিনেত্রী। জন্মদিনের আগের দিন বাগদত্ত পিট জোলির জন্য আয়োজন করেন একটি সারপ্রাইজ ডিনারের। প্যারিসের একটি রেস্তোরাঁয় নির্জনে একদিন আগেই হবু স্ত্রীর জন্মদিন পালন করেছেন পিট। জন্মদিনের দিন জার্মানির বার্লিনে একটি জাপানি রেস্তোরাঁয় ছয় সন্তানের সঙ্গে আরও একবার জন্মদিন পালন করেন এই প্রেমিক জুটি।
অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে কিছু মজার তথ্য:
১. ছোটবেলায় জোলি চাইতেন তিনি বড় হয়ে মৃতদেহ সৎকারের কাজ করবেন। এ জন্য তিনি শবদেহ সৎকারের কাজও শিখেছিলেন।
২. নিজের বিখ্যাত ঠোঁট সুন্দর রাখার জন্য একটি বিশেষ ব্র্যান্ডের লিপবাম ব্যবহার করেন তিনি।
৩. জোলি কাউকে জড়িয়ে ধরতে পছন্দ করেন না, এমনকি তার মা যখন তাকে জড়িয়ে ধরতেন তিনি অস্বস্তিবোধ করতেন।
৪. জোলি ছুরি সংগ্রহ করতে পছন্দ করেন এবং যে কোনো বইয়ের ‘প্রথম সংস্করণ’ নিজের কাছে রাখেন।
